প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৫ নভেম্বর : চলন্ত অবস্থায় আচমকা যন্ত্রাংশ ভেঙে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উল্টে গেল যাত্রী বোঝাই বাস। বৃহস্পতিবার সকালে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান-আরামবাগ ৭ নম্বর রাজ্য সড়কে রায়নার গোপালপুর মোড়ের কাছে এই দুর্ঘটনায় শিশু সহ মোট ১৬ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে । বাসের ভিতরেও কয়েকজন যাত্রী বাসের ভিতরে আটকে পড়েন। খবর পেয়ে রায়না থানার পুলিশ দ্রত ঘটনাস্থলে পৌছে বাসে আটকে পড়া যাত্রী সহ আহত যাত্রীদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।পরে ক্রেন এনে বাসটি উদ্ধার করা হয়৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,যাত্রীবাহী বাসটি আরামবাগ থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল। গোপালপুর মোড়ের কাছে আচমকাই বাসটির পাতি ভেঙে গেলে চালক বাসটির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর বাসটি চলন্ত অবস্থাতেই রাস্তার উপরে উল্টে যায়। প্রথমে স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে হাত লাগায় । পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় ।।
