এইদিন ওয়েবডেস্ক,আসানসোল,০১ নভেম্বর : আজ রবিবার আসানসোলের জামুড়িয়ার নণ্ডিগ্রামে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই সম্মেলন ঘিরে ধুন্ধুমার কান্ড বেধে গেল । দেশ বিরোধী শ্লোগান দেওয়ার অভিযোগ তুলে একদল জনতা বাঁশ ও লাঠি হাতে হামলা চালায় বলে অভিযোগ । পালটা হামলায় কার্যত রনক্ষেত্রের আকার নেয় গোটা এলাকা । এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে সিপিএম । যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপি নেতৃত্ব জানিয়েছে, এটা গনরোষের বহিঃপ্রকাশ ৷ এনিয়ে ডিওয়াইএফআই-এর তরফে জামুড়িয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে ।
স্থানীয় সূত্রে খবর,আজ জামুড়িয়ার নণ্ডিগ্রামে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর একটি ইন্ডোর সম্মেলন হওয়ার কথা ছিল । সকাল ১০ টা নাগাদ বেশ কিছু বাম নেতাকর্মীরা জড়ো হয়েছিল সম্মেলনস্থলে । কিন্তু একটু বেলা হতেই একদল জনতা লাঠিসোঁটা হাতে সিপিএমের ক্যাডারদের উপর হামলা চালিয়ে দেয় । পালটা হামলা হলে কার্যত রনক্ষেত্রের চেহেরা নেয় গোটা এলাকা ।
সিপিএমের অভিযোগ,বামপন্থীদের ভয় পেয়ে আরএসএস ও বিজেপি কর্মীরা এই হামলা চালিয়েছে । তারা বর্তমান শাসকদলের বিরুদ্ধে গণতন্ত্র ও বাকস্বাধীনতার উপর হস্তক্ষেপের অভিযোগ এনেছে । যদিও ডিওয়াইএফআইয়ের ওই কর্মসূচি থেকে দেশবিরোধী স্লোগান ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা প্রচার করা হচ্ছিল বলে অভিযোগ তুলে গেরুয়া শিবিরের পালটা দাবি যে,গনরোষের মুখে পড়তে হয়েছে সিপিএমকে । তবে ভিন্ন দাবি করেছেন জামুরিয়া বিজেপি বিধায়ক ডঃ বিজন মুখার্জি । তার কথায়, নিজেদের মধ্যে মারামারি করে বিজেপির ঘাড়ে দায় চাপাচ্ছে সিপিএম । এই ঘটনায় বিজেপির কোনো ভূমিকা ছিল না বলে দাবি বিধায়কের ।।

