এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,৩১ অক্টোবর : বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজারের কমলগঞ্জে একটি আন্তঃধর্ম বিয়েকে ঘিরে তোলপাড় পড়ে গেছে । নিখোঁজের ৭ মাস পর এক মুসলিম কিশোরীর খোঁজ পেয়েছে তার পরিবার । কিন্তু মেয়েটির পরিবার গিয়ে জানতে পারে যে সে ধর্মান্তরিত হয়ে হিন্দু প্রেমিককে বিয়ে করেছে এবং বর্তমানে সে অন্তঃসত্ত্বা ৷
ঘটনাটি কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ডবলছড়া এলাকার। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজ কিশোরীর নাম নিপা আক্তার। তাঁর বয়স নিয়ে প্রকাশিত প্রতিবেদনে ভিন্নতা রয়েছে। একটি প্রতিবেদনে ১৬ বছর এবং অন্যটিতে ১৭ বছর উল্লেখ করা হয়েছে। পরিবারের দাবি, একই এলাকার ২৩ বছর বয়সী সূর্য বাউরীর সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্র ধরে গত ফেব্রুয়ারিতে বাড়ি থেকে নিখোঁজ হয় নিপা । পরে খোঁজ না পেয়ে বাবা মাসুদ মিয়া কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন।
নিপার মা জোবেদা আক্তার ও কাকা কদ্দুস মিয়ার অভিযোগ, দীর্ঘদিন খোঁজাখুঁজির পর দুর্গাপূজার আগে স্থানীয় ইউপি সদস্য পারতালি কূর্মীর কাছে বিষয়টি জানালে তিনি তাঁদের বলেন, মেয়েটির বিয়ে হয়ে গেছে, খুঁজে লাভ নেই। পরে তাঁরা জানতে পারেন, হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ে হয়েছে এবং মেয়েটি অন্তঃসত্ত্বা। মেয়েটির ধর্মান্তরিত হয়ে প্রেমিককে বিয়ে করার সত্যতা স্বীকার করেছেন ইউপি সদস্য পারতালি কূর্মীও । তিনিও জানিয়েছেন যে,মেয়েটি বর্তমানে অন্তঃসত্ত্বা । এদিকে এই ঘটনাকে ঘিরে এলাকার মুসলিম সম্প্রদায়ের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে ।।
