এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,২৬ অক্টোবর : মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার কাঞ্চননগরের মণ্ডলপাড়া এলাকায় গোটা কলাবাগানের গাছ কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে । রাতের অন্ধকারে ছোট-বড় মিলিয়ে ৪৪৪টি কলাগাছ এবং সেগুলিতে থাকা কলার কাঁদি কেটে নষ্ট করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। পরিবারের একমাত্র অন্নসংস্থানের উৎস নষ্ট করে দেওয়ায় কার্যত মাথায় হাত পড়ে গেছে জাকাত শেখ এবং তাপস শেখ নামে দুই কৃষকের। এই ঘটনার পর ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষ থেকে হরিহরপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গেছে,এবারে প্রায় আড়াই বিঘা জমিতে কলা চাষ করেছিলেন জাকাত শেখ এবং তাপস শেখ নামে দুই কৃষক । প্রায় আড়াই লক্ষ টাকা খরচ হয়েছিল এবং যার পুরোটাই ঋণ করে জোগাড় করেছিলেন বলে তারা দাবি করেছেন । কিন্তু আজ সোমবার সকালে জমিতে গিয়ে দেখেন সমস্ত কলার কাঁদি ও গাছ কাটা অবস্থায় পড়ে রয়েছে ।
পরিবারের অভিযোগ, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে এই কলাবাগানের গাছগুলি কেটে দিয়েছে। একদিকে চাষের জন্য নেওয়া ঋণের বোঝা, অন্যদিকে চোখের সামনে পরিশ্রমের ফসল নষ্ট হয়ে যাওয়া—সব মিলিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটছে কৃষক ও তাঁর পরিবারের। এই ঘটনায় জড়িত দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে ক্ষতিপূরণ আদায়ের দাবি তুলেছে দুই পরিবার ।।

