এইদিন ওয়েবডেস্ক,লখনউ,২৬ অক্টোবর : উত্তর প্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে, যেখানে লোকসভার বিরোধী দলীয় নেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গাঁধির কনভয় একটি অ্যাম্বুলেন্সসহ বেশ কয়েকটি গাড়ির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এই দুর্ঘটনায় অনেকে আহত হয়েছেন এবং রাহুল গান্ধী অল্পের জন্য প্রাণে বেঁচে যান।
এক্সপ্রেসওয়ের ৯১তম কিলোমিটার মাইল চিহ্নিত স্থানের কাছে পাঁচটি গাড়ি ও একটি অ্যাম্বুলেন্সের মধ্যে সংঘর্ষটি ঘটে। জানা গেছে, এই ঘটনায় রাহুলের কনভয়ে সঙ্গে থাকা কংগ্রেস কর্মী, দলের পদাধিকারী এবং নিরাপত্তা কর্মীরা আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে আজ সোমবার সকাল প্রায় ১০.১৫ মিনিট নাগাদ ।
জানা গেছে,রাহুলের কনভয়ের সামনে থাকা স্থানীয় এক কংগ্রেস নেতার ব্যক্তিগত গাড়িটি কোনো কারণে হঠাৎ ব্রেক কষলে এই দুর্ঘটনাটি ঘটে । এর ফলে পেছনের গাড়িগুলো একে অপরের সঙ্গে ধাক্কা খায় ।
নিরাপত্তার জন্য পুলিশও কনভয়ের সঙ্গে ছিল। মানহানির মামলার শুনানির জন্য রাহুল গাঁধির সকাল প্রায় ১১.১৫ মিনিটে সুলতানপুর আদালতে পৌঁছানোর কথা ছিল।
আজ সকালে লখনউয়ের চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান রাহুল গাঁধি। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে শত শত কংগ্রেস কর্মী ও স্থানীয় দলীয় নেতারা জড়ো হয়েছিলেন।যদিও সুলতানপুরের উদ্দেশে রওনা হওয়ার আগে রাহুল সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।
২০১৮ সালের মে মাসে ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে তৎকালীন বিজেপি জাতীয় সভাপতি অমিত শাহের বিরুদ্ধে রাহুল গাঁধির কথিত আপত্তিকর মন্তব্যের জেরে এই মানহানির মামলাটি দায়ের করা হয়। মামলার অন্যতম আইনজীবী কাশী প্রসাদ শুক্লা সংবাদ সংস্থা এএনআই-কে জানান যে, রাহুল একটি হত্যা মামলায় অমিত শাহকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করেছিলেন। সুলতানপুর জেলা সমবায় ব্যাংকের তৎকালীন সভাপতি এবং বিজেপির জেলা সহ-সভাপতি বিজয় মিশ্র রাহুল গাঁধির বিরুদ্ধে অভিযোগটি দায়ের করেন।
আদালত প্রাথমিকভাবে ১৩ অক্টোবর এই মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছিল। পরে, রায় ঘোষণার তারিখ পিছিয়ে ২৬ অক্টোবর করা হয়। যদিও মামলাটি আজ খারিজ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে ।।
