এইদিন ওয়েবডেস্ক,আসাম,২৩ অক্টোবর : আসামের শ্রীভূমি জেলার বাগারগোলের বাসিন্দা সোহেল আহমেদ নামে এক যুবকের বাড়ি থেকে এক ১৩ বছর বয়সী কিশোরী উদ্ধারের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ৷ নবমীর রাত থেকে কিশোরীকে আটকে রাখার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে । ক্ষিপ্ত জনতা বাড়িটিতে আগুন ধরিয়ে দেন। এতে দুটি বাড়ি ভস্মীভূত হয়ে যায়।
ঘটনার খবর পেয়ে শ্রীভূমির এসএসপি লীনা দোলে পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ নাবালিকাটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেলে পাঠায়। এদিকে, আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছায় বদরপুর ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস। অভিযুক্ত যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।
এসএসপি লীনা দোলে সংবাদমাধ্যমকে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনায় সোহেল আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও তিনি জানান। নাবালিকার পরিবারের সদস্যরা সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করেননি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ।।

