এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২১ অক্টোবর : আজ বুধবার বিজয়া দশমী । মায়ের কৈলাশে ফেরার পালা ৷ মণ্ডপে মণ্ডপে বিষাদের বিষাদের সাথেই দেবীমূর্তি বিসর্জনের প্রস্তুতি শুরু হয়ে গেছে । চোরবাজারের পূজা মণ্ডপে পদপৃষ্ঠ হয়ে ১৯ জনের মর্মান্তিক মৃত্যুর পর বিসর্জনেও যাতে কোনো প্রকার অঘটন না ঘটে সেজন্য রাজ্য সরকারের তরফে নেওয়া হচ্ছে বিশেষ প্রস্তুতি । খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খোদ কলকাতার বিভিন্ন গঙ্গার ঘাটগুলি আজ পরিদর্শন করলেন । তবে কলকাতার বাজে কদমতলা ঘাট পরিদর্শনের সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন । মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, একমাত্র সনাতনীরা দেবীমূর্তি স্পর্শ করতে পারবেন । কারন এটা আস্থার বিষয় ।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন,’পবিত্রতা রাখতে গেলে, যা পরম্পরা, ঐতিহ্য, শাস্ত্রে যা নিয়ম, হাজার হাজার বছর ধরে যেটা চলে আসছে সেটা মেনেই করতে হবে । এটা ধর্মীয় অনুষ্ঠান । উৎসব তো বটেই তবে সেটা সেকেন্ডারি ৷ কিন্তু প্রাথমিক বিষয় হল ঐতিহ্যকে ঠিক রাখা ।’ এরপর তিনি স্পষ্ট করে দেন, ‘এমনকি মাকে যারা নিয়ে যাবে তাদের নাম পরিচয়ও পুলিশ কমিশনারকে সংগ্রহ করতে বলে গেলাম । যারা সনাতন ধর্ম মানেন তারাই একমাত্র প্রতিমাকে হাত দেবেন । এটার মধ্যে কোন সাম্প্রদায়িকতা নেই ।’
মুখ্যমন্ত্রী জানান,বিসর্জনের সময় প্রত্যেক বছর এমনি ব্যবস্থা থাকে । এবছর ব্যবস্থা আরো সুন্দর করা হয়েছে । একদিকে নিরাপত্তা, অন্যদিকে মায়ের পবিত্রতা ও নিষ্ঠা বজায় । আগে ক্রেনে বিসর্জন নিয়ে অভিযোগ ছিল । এবারে ট্রলি করা হয়েছে । পূর্বের ইনপুট গুলোকে মেকাপ করে করার চেষ্টা করা হয়েছে । আগে রাজ্য সরকার এবং কলকাতা পুলিশ করতো কিন্তু এবারে এনডিআরএফ-কে যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।।

