এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২১ অক্টোবর : এবারের দুর্গাপূজায় বড়সড় সাম্প্রদায়িক হিংসা থেকে রেহাই পেলো বাংলাদেশের হিন্দুরা । দর্শনার্থীভান করে গাজীপুরের কোনাবাড়ীতে মন্দিরে ঢুকে কোরান রেখে তাতে আগুন ধরিয়ে দাঙ্গা লাগানোর ছক কষেছিল মহম্মদ ইউসুফ আলী (২৮) নামে এক মুসলিম যুবক । যদিও মন্দির কর্তৃপক্ষের তৎপরতায় তার সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে । তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ।
ঘটনার বিবরণে জানা গেছে,রবিবার মহাসপ্তমীর দিন সকাল সাড়ে ১১টা নাগাদ গাজীপুর মহানগরীর কোনাবাড়ী মেট্রো থানার আমবাগ এলাকার শ্রী শ্রী রাধা গোবিন্দ কেন্দ্রীয় মন্দির দর্শনার্থীর ভান করে ঢুকেছিল ইউসুফ আলী৷ সঙ্গে ছিল তার ১০ বছর বয়সী ছেলে । ভক্তির ভান করে সে মন্দিরের প্রতিমার সামনে লুটিয়ে পড়ে গড়াগড়ি খাচ্ছিল । আর তখনই তার সাথে থাকা একটা কোরান বের করে তাতে আগুন ধরিয়ে দেয় ।
যদিও মন্দিরের নিরাপত্তাকর্মী ও সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা দ্রুত তাকে এবং তার ছেলেকে আটক করেন এবং আগুন নিভিয়ে ফেলেন। কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ ইফতেখার হোসেন সাংবাদিক সম্মেলনে বলেছেন,’মহম্মদ ইউসুফ আলীকে পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অসংলগ্ন কথাবার্তা বলছেন এবং এর আগেও তিনি এমন ঘটনা ঘটিয়েছেন বলে তথ্য মিলেছে।’
ধৃতের পরিবারের দাবি, ইউসুফ আলী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছে । তবে তারা ইউসুফের চিকিৎসা সংক্রান্ত কোনো নথিপত্র দেখাতে পারেনি । মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল কর্মকার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থার দাবি জানিয়েছেন ৷ এই ঘটনাটি দেশে দাঙ্গা লাগানোর কোনো বৃহত্তর পরিকল্পনার অংশ কিনা তদন্ত করে দেখছে পুলিশ ।।

