এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৬ অক্টোবর : তিন বছর আগে মালদার গাজলে ঘটে যাওয়া নাবালিকাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তের ২০ বছর সশ্রম কারাদণ্ড দিল আদালত । সাজাপ্রাপ্তের নাম মুকুল কীর্তনীয়া(৩৫) । তার বাড়ি গাজোল থানার বলরামপুর গ্রামে । গতকাল বৃহস্পতিবার মালদার দ্বিতীয় আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অভিযুক্তকে দোষী সব্যস্ত করে ২০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২,০০,০০০ টাকা জরিমানা করেছে । জরিমানা অনাদায়ে অতিরিক্ত ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন বিচারক ।
জানা গেছে,ঘটনাটি ঘটে ২০২৩ সালের ১১ নভেম্বর । ওই দিন সকালে বলরামপুর গ্রামের বাসিন্দা মুকুল কীর্তনীয়ার স্ত্রী এবং মেয়ে পাশের পুকুরে স্নান করতে গিয়েছিল । বাড়িতে একাই ছিল মুকুল । সেই সময় একই গ্রামের বাসিন্দা নির্যাতিতা কিশোরী মুকুলের বাড়ির সামনে রাস্তা দিয়ে নিজের বাড়ি ফিরছিল৷ সেই সুযোগে মুকুল মেয়েটিকে জোর করে রাস্তা থেকে টেনে নিজের বাড়িতে নিয়ে যায় । তারপর সে মেয়েটির উপর পাশবিক নির্যাতন চালায়৷
মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এসে তার মাকে ঘটনার কথা জানায় । এরপর গাজোল থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার । অভিযোগের ভিত্তিতে মুকুল কীর্তনীয়াকে গ্রেপ্তার করে পুলিশ । তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬(২)(এফ)/৫০৬ ধারার সাথে পকসো আইনের ৪ ধারায় মামলা রজু করা হয় । তদন্ত সম্পূর্ণ করে অভিযুক্ত মুকুল কীর্তনীয়ার বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেওয়া হয় । অবশেষে দোষী সব্যস্ত হওয়ার পর গতকাল অভিযুক্তের সাজা ঘোষণা করা হয় ।।

