এইদিন ওয়েবডেস্ক,জম্মু-কাশ্মীর,০৬ সেপ্টেম্বর : জাতিসংঘ কর্তৃক ঘোষিত সন্ত্রাসী সংগঠন লস্কর- ই-তৈবার মোস্ট ওয়ান্টেড পাকিস্তানি ইসলামিক সন্ত্রাসী কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর হাতে নির্মূল হয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশ শুক্রবার জানিয়েছে যে, ‘অপারেশন আশদার’-এর সময় নিষ্ক্রিয় হওয়া সন্ত্রাসীকে ইয়াসির নামে শনাক্ত করা হয়েছে। সে একজন পাকিস্তানি নাগরিক এবং নিষিদ্ধ ঘোষিত লস্কর-ই-তৈয়বা (এলইটি) সংগঠনের সঙ্গে যুক্ত ছিল।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, অভিযানের পর নিহত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। “তুমি পালাতে পারো, কিন্তু লুকাতে পারবে না!”—এই বার্তা দিয়ে তথ্যটি শেয়ার করে পুলিশ বলেছে,খতম সন্ত্রাসী একজন পাকিস্তানি নাগরিক এবং লস্কর-ই-তৈয়বার সঙ্গে যুক্ত ছিল।
এই অঞ্চলে সক্রিয় বিদেশি সন্ত্রাসীদের শনাক্ত ও নিষ্ক্রিয় করার লক্ষ্যে জম্মু ও কাশ্মীর জুড়ে সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করার প্রেক্ষাপটে এই ঘটনাটি ঘটেছে। অনুপ্রবেশ রোধ এবং সন্ত্রাসী নেটওয়ার্কগুলো ভেঙে দেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে নিরাপত্তা বাহিনী ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি ও গোয়েন্দা-ভিত্তিক অভিযান জোরদার করেছে।।

