এইদিন আন্তর্জাতিক ডেস্ক,০১ সেপ্টেম্বর : সশস্ত্র ব্যক্তিরা বেলুচিস্তানের জিয়ারতের কাছে কোয়েটা-ঝোব মহাসড়কে পাকিস্তানি বাহিনীর একটি যৌথ চেকপয়েন্টে সোমবার রাতভর হামলা চালিয়েছে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, একজন কর্মকর্তাসহ ছয়জন সেনা নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন আহত বা নিখোঁজ রয়েছেন।বিভিন্ন সূত্রে জানা গেছে, জিয়ারত ক্রসের কাস্টমস অফিসে এই হামলার ঘটনা ঘটেছে ।
জানা গেছে, সশস্ত্র ব্যক্তিরা জিয়ারাত ক্রসের একটি কাস্টমস পোস্ট ও গুদামে হামলা চালায়।গোলাগুলির এক পর্যায়ে গুদামের ভেতরে থাকা যানবাহনগুলোতে আগুন ধরে যায়। পিডিএমএ দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সোশ্যাল মিডিয়ায় হামলার পরের বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে । ভিডিও ফুটেজে দেখা যায়, সশস্ত্র ব্যক্তিদের রাতভর হামলার পর জিয়ারাত ক্রসের ঘারকি থানার কাছে একটি শুল্ক দপ্তরে কয়েক ডজন যানবাহন জ্বলছে। হামলার পর ধারণ করা ফুটেজ গুলিতে ঘটনাস্থলে ব্যাপক আগুন ও ক্ষয়ক্ষতি দেখা যায়।।
