এইদিন বিনোদন ডেস্ক,৩১ আগস্ট : বিতর্কিত অভিনেতা প্রকাশ রাজের ‘সমুদয় যাত্রা টুওয়ার্ডস হিউম্যানিটি’ অনুষ্ঠানকে কেন্দ্র করে রবিবার, ধারওয়াড়ে কর্ণাটক বিদ্যাবর্ধক সংঘের বাইরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় । ধর্মস্থল ভক্ত সংগঠন, বিভিন্ন হিন্দু সংগঠনের সদস্য এবং বিজেপি কর্মীরা অভিনেতা প্রকাশ রাজকে ঘিরে বিক্ষোভ দেখানোর চেষ্টা করেন। তারা অনুষ্ঠানস্থলে প্রবেশের চেষ্টা করায় পুলিশ বেশ কয়েকজন যুবককে আটক করেছে। তারা পুলিশের গাড়িতে উঠতে অস্বীকার করায় অনুষ্ঠানস্থলে কিছুক্ষণের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করে। ঘটনাটির পরিপ্রেক্ষিতে অনুষ্ঠানস্থলের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
কর্ণাটক বিদ্যাবর্ধক সংঘ আয়োজিত ‘সমুদয় পাহাত/জথা’ অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে অংশগ্রহণ করছিলেন প্রকাশ রাজ। একদল যুবক জোর করে অনুষ্ঠান স্থলে ঢুকে অভিনেতাকে ঘিরে বিক্ষোভ দেখানোর চেষ্টা করে। হিন্দুপন্থী সংগঠনগুলোর কর্মী, ধর্মস্থলের একদল ভক্ত এবং বিজেপি কর্মীরা ঘটনাস্থলে জড়ো হয়ে তীব্র প্রতিবাদ জানান। তাঁদের অভিযোগ ছিল যে প্রকাশ রাজ হিন্দুধর্মের বিরুদ্ধে বারবার বিতর্কিত মন্তব্য করেছেন এবং ধারওয়াড়ে একই কাজ করতে এসেছেন ।
অন্যদিকে অভিনেতা প্রকাশ রাজ বলেছেন,’এখানে একটি সামাজিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল যেখানে আমরা বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে আলোচনা করেছি। কিছু লোক বিরোধিতা করছেন এই বলে যে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করা উচিত নয়।’ তিনি বলেন,’যারা বলেন এমন অনুষ্ঠান করা উচিত নয়, তাদের মানসিকতা নিয়ে আমাদের ভাবতে হবে। বিজেপি ও আরএসএস-এর আর কিছু বলার নেই। তারা আমাদের হিন্দু-বিরোধী বলে। আমরা কীভাবে হিন্দু-বিরোধী বা দেশ-বিরোধী? তারা যা-ই বলুক না কেন, তাতে কিছু যায় আসে না।’।
