এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,৩০ আগস্ট : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে লেখা উগ্র বামপন্থীদের বিতর্কিত দেওয়াল লিখন ও গ্রাফিটি মুছে ফেলা হল । ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় থাকা দেশবিরোধী ও আপত্তিকর স্লোগান এবং দেওয়াল লিখন সাদা রঙের প্রলেপ দিয়ে মুছে ফেলার কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে ।
রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের ছাত্র সংগঠন এবিভিপি এ-র তরফে দাবি করা হয়েছে, দীর্ঘদিন ধরেই নকশালপন্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দেশবিরোধী স্লোগান লিখে রাখত বামপন্থী ও উগ্র বামপন্থীরা । সংগঠনের অভিযোগ, ক্যাম্পাসের একাধিক জায়গায় এমন লেখা থাকলেও পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোনও পদক্ষেপই নেননি। যেকারণে নকশালরা আরও বেপরোয়া হয়ে উঠেছিল । তবে এবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে সেই স্লোগানগুলি মুছে ফেলা হচ্ছে, কিন্তু আংশিক ভাবে। যদিও এখনও অনেক জায়গায় স্লোগান লেখা রয়েছে বলে তারা দাবি করেছেন ।
গত সপ্তাহেই যাদবপুর ৮বি-তে ১০ হাজার কণ্ঠে বন্দেমাতরম আবৃত্তি করার জন্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । সেখান থেকে দাঁড়িয়েই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে লেখা দেশ বিরোধী ও আপত্তিকর স্লোগান নিয়ে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন । শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় জানাব, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেশবিরোধী স্লোগান বরদাস্ত করা হবে না। তাঁর বক্তব্য উচ্চশিক্ষা দফতর বিষয়টি দেখছে এবং তিনিও বিষয়টির উপর নজর রাখছেন।
মুখ্যমন্ত্রী বলার পর এবিভিপি এনআইএ তদন্তের দাবি জানিয়ে চ্যান্সেলরের দ্বারস্থ হয় । অবশেষে শনিবার থেকে বিতর্কিত দেওয়াল লিখনগুলি মুছে ফেলার কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।।
