এইদিন আন্তর্জাতিক ডেস্ক,২৬ আগস্ট : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের রাষ্ট্রীয় হাসপাতাল পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস)-এর প্রসূতি বিভাগে আজ বুধবার সকালে অগ্নিকাণ্ডে অন্তত ১৫টি নবজাতকের জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছে ।রয়টার্সের তথ্যমতে, হাসপাতালের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার ত্রুটির কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
আজ বুধবার ভোরে ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের নবজাতক বিভাগে একটি এয়ার-কন্ডিশনিং ইউনিটের ত্রুটির কারণে আগুন লেগে যায়। আগুন দ্রুত ওয়ার্ড জুড়ে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় ভেতরে ১৬টি নবজাতক ছিল। রয়টার্স জানিয়েছে, তাদের মধ্যে মাত্র একজনকে বাঁচানো সম্ভব হয়েছে ।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের নবজাতক পরিচর্যা শাখায় একটি এয়ার-কন্ডিশনিং ইউনিটের কম্প্রেসার বিস্ফোরিত হলে সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে আগুন লাগে। দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে এবং উদ্ধারকারী দল অন্তত একটি শিশুকে বাঁচাতে সক্ষম হয়।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং অবিলম্বে তদন্তের নির্দেশ দিয়েছেন। তাঁর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে ১৪টি শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে: “শিশুদের এই মর্মান্তিক মৃত্যু এক অপূরণীয় ক্ষতি।”
