এইদিন ওয়েবডেস্ক,নদীয়া,২৬ আগস্ট : এক শ্রেণীর মানুষের লালসার শিকার থেকে রক্ষা পাচ্ছে না অবলা পশুরাও ৷ এবারে পশু খামারে ঢুকে একটি ভেড়াকে ধর্ষণের ঘটনা ঘটেছে নদীয়া জেলার চাপড়া থানার হাঁটরা এলাকায় । সিসিটিভি ফুটেজে অত্যাচারের ছবি ধরা পড়তেই অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে পশু খামারের মালিক । তার ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে চাপড়া থানার পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃতের নাম এলেম মোল্লা । মঙ্গলবার ধৃতকে কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়।
জানা গেছে, চাপড়ায় হাঁটরার বাসিন্দা রিঙ্কা মহলদারের এলাকায় একটি গবাদি পশুর খামার রয়েছে ৷ একটি ইঁটভাটার ঠিক পাশেই রয়েছে খামারটি । অভিযোগ, সোমবার সন্ধ্যায় খামারে গিয়ে একটি ভেড়াকে অসুস্থ অবস্থায় দেখতে পান রিঙ্কাদেবী । খতিয়ে দেখতে গিয়ে তার নজরে পড়ে, ভেড়াটির মলদ্বার থেকে রক্তপাত হচ্ছে । বিষয়টি দেখে তাঁর সন্দেহ হয়। এরপর খামারে নিরাপত্তার জন্য লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন তিনি । ফুটেজে দেখা যায় যে এক যুবক খামারে ঢুকে একটি ভেড়াকে ধর্ষণ করছে । এরপর ফুটেজ-সহ তিনি চাপড়া থানায় লিখিত অভিযোগ করেন৷ পরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত এলেম মোল্লাকে সোমবার রাতেই গ্রেপ্তার করে পুলিশ । মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়।
এদিকে ভেড়াকে ধর্ষণের ঘটনাটি প্রকাশ্যে আসার পর পশুপ্রেমী সংগঠনের সদস্যদের মধ্যেও ক্ষোভ তৈরি হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। উল্লেখ্য, অভিযুক্তের বিরুদ্ধে একটি ডাকাতির চেষ্টায় জড়িত থাকার অভিযোগও সামনে এসেছে।।

