এইদিন আন্তর্জাতিক ডেস্ক,২০ আগস্ট : গুরুত্বপূর্ণ রাস্তাগুলি কেটে দিয়ে পাকিস্তানের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দিল বেলুচ প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী । বেলুচিস্তান প্রজাতন্ত্রের মুখপাত্র মির ইয়ার বেলুচ আজ বৃহস্পতিবার এই খবর জানিয়েছেন । তিনি সোটকাগানের খারান এলাকার একটি সেতু বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ভিডিও শেয়ার করে এক্স-এ লিখেছেন,বেলুচিস্তান প্রজাতন্ত্রের বেলুচ প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী সড়ক, পরিবহন ব্যবস্থা এবং স্থাপনাগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে ।এটি সোটকাগানের খারান এলাকা, যেখানে বেলুচ যোদ্ধারা ভারী যন্ত্রপাতি ব্যবহার করে খারানকে করাচির সাথে সংযোগকারী প্রধান সেতুটি ভেঙে দিয়েছে। এর ফলে, খনিজ বোঝাই যানবাহনের চলাচল এবং বেলুচ খনিজ উত্তোলন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
তিনি লিখেছেন,কোনো বোমা বিস্ফোরণ বা আইইডি ব্যবহার করা হয়নি। এর পরিবর্তে, বেলুচ প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী শত্রু সামরিক বাহিনীর চলাচল ব্যাহত করার জন্য সেতু ধ্বংস করে এবং সংযোগ বিচ্ছিন্ন করে অবরোধ তৈরি করতে বুলডোজার ও ভারী যন্ত্রপাতি ব্যবহার করছে।
পাকিস্তানি আক্রমণকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। উল্লেখ্য যে, গত ১১ আগস্ট বোলানে একটি গ্যাস পাইপলাইন উড়িয়ে দেওয়া হয়েছিল, যা মেরামত করতে পাকিস্তানের ছয় দিন সময় লেগেছিল।
জানা গেছে, পাকিস্তানি বাহিনী সন্ধ্যা ৬টার পর সড়কপথে যাতায়াত করতে পারে না, এমনকি দিনের বেলাতেও তারা বেলুচ অধ্যুষিত এলাকায় ২০ মিনিটের বেশি থাকতে পারে না।।
