এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৫ আগস্ট : টানা দ্বিতীয় বছরের মতো দিল্লির লালকেল্লায় ৮০তম স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠানে অনুপস্থিত থাকায় শনিবার বিজেপি কংগ্রেস নেতা রাহুল গাঁধির তীব্র সমালোচনা করেছে এবং বলেছে যে তাঁর মানসিকতা ‘অসুস্থ নকশাল’দের চিন্তাভাবনারই প্রতিফলন। আজ লালকেল্লার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিত শাহ, রাজনাথ সিং, নির্মলা সীতারামন ও এস. জয়শঙ্কর-সহ শীর্ষস্থানীয় কেন্দ্রীয় মন্ত্রীগণ; ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং প্রধানমন্ত্রীর প্রধান সচিব পিকে মিশ্র ও শক্তিকান্ত দাস।
বিজেপি মুখপাত্র প্রদীপ ভান্ডারি তাঁর এক্স অ্যাকাউন্টে শেয়ার করা একটি পোস্টে প্রশ্ন তুলেছেন, “লালকেল্লার অনুষ্ঠানে রাহুল গাঁধি অনুপস্থিত। কোনো দেশপ্রেমিক বিরোধী নেতা বা জনপ্রতিনিধি কি স্বেচ্ছায় এমন কাজ করতে পারেন ?” তিনি অভিযোগ করেন যে, অনুষ্ঠানে রাহুল গাঁধির অনুপস্থিত থাকার সিদ্ধান্ত ‘বন্দে মাতরম’-এর প্রতি তাঁর ঘৃণারই প্রতিফলন। রাহুল গাঁধি বিরোধী দলের নেতা হওয়ার অযোগ্য। তার মানসিকতা ‘অসুস্থ নকশাল’দের চিন্তাভাবনার প্রতিফলন!”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দিল্লির লালকেল্লায় অনুষ্ঠিত সরকারি স্বাধীনতা দিবস উদযাপনে রাহুল গাঁধি এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে টানা দ্বিতীয়বারের মতো অনুপস্থিত ছিলেন।।
