এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১০ আগস্ট : উত্তর ২৪ পরগণা জেলার হালিশহরে পুলিশ হেফাজতে অসুস্থ হয়ে এক তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় বিজেপির উপর নিশানা করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তার দলবল । রবিবার তিনি মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে প্রবল বিক্ষোভের মধ্যে পড়তে হয় ৷ “চোর” শ্লোগান তো ছিলই, সেই সাথে মমতার গাড়ি লক্ষ্য করে চটি-ইঁট ও কাদা ছোড়া হয় বলে অভিযোগ । এই ঘটনায় যথারীতি বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলে তিনি দাবি করেন, ‘আমি মারা যেতেও পারতাম ।’ কিন্তু রাজ্যের মন্ত্রী অর্জুন সিং প্রমান স্বরূপ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করেছেন, কাদা ছোড়া ব্যক্তি মমতা ব্যানার্জির দলেরই লোক ।
অর্জুন সিং ছবিতে কাদা ছোড়া ব্যক্তিকে চিহ্নিত করে লিখেছেন,’হালিশহরে যিনি গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে কাদা ছুড়েছেন, তিনি কে ?ছবি দেখলেই তাঁর পরিচয় বোঝা সহজ। কাঁচরাপাড়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কমল অধিকারীর পিছনে ঘোরাফেরা করা ওই ব্যক্তিই কাদা ছুড়েছেন।কাদা ছোড়া ওই ব্যক্তি তৃণমূলের কর্মী।’
তার প্রশ্ন হল,’এখন তৃণমূল কংগ্রেসেরই স্পষ্ট করা উচিত—বিজেপিকে বদনাম করার জন্য কি তৃণমূল নিজেদের লোককে কাদা ছোড়ার কাজে লাগিয়েছিল, নাকি এটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল?’
