এইদিন ওয়েবডেস্ক,মালদা,২২ জুলাই : আজ বুধবার মালদা জেলার কালিয়াচকে ১২ নম্বর জাতীয় সড়কের দু’ধারে বড় মাপের জবদখল উচ্ছেদ অভিযান চালালো জাতীয় সড়ক কর্তৃপক্ষ । বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় অবৈধ নির্মানগুলি। কালিয়াচক চৌরঙ্গি মোড় থেকে বালিয়াডাঙ্গা মোড় এবং বালিয়াডাঙ্গা মোড় থেকে কলেজ মোড় পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় জুড়ে চলে এই অভিযান ।
দীর্ঘদিন ধরে জাতীয় সড়কের ধারে অবৈধ দখলদারির কারণে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল বলে অভিযোগ । জাতীয় সড়কের দু’ধারে গজিয়ে উঠেছিল অসংখ্য দোকানপাট ও অস্থায়ী নির্মাণ । এর আগে দখলদারদের একাধিকবার নোটিশ করা হয় । কিন্তু অনেকেই জায়গা খালি করেননি বলে অভিযোগ । শেষ পর্যন্ত আজ বুধবার এনএইচ কর্তৃপক্ষ বুলডোজার অভিযান চালায় ।
প্রশাসন সূত্রে জানা গেছে, কালিয়াচক চৌরঙ্গী এলাকাকে যানজটমুক্ত করতে টোটো পার্কিংয়ের জন্য একটি স্ট্যান্ড তৈরি করার পরিকল্পনা করা হয়েছে । পাশাপাশি কয়েক মাসের মধ্যেই প্রস্তাবিত ফ্লাইওভার নির্মাণকাজ শুরু হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে খবর ।।
