এইদিন ওয়েবডেস্ক,হাওড়া,১৬ জুলাই : এক দশম শ্রেণির ছাত্রীকে নৃশংসভাবে কুপিয়ে খুনের ঘটনা ঘটেছে হাওড়ায় । হাওড়া জেলার ডোমজুড় থানার অন্তর্গত আন্দুল মহিয়াড়ি চাঁদনীবাগান (খটির বাজার) এলাকায় বুধবার সন্ধ্যা প্রায় ৭ টা নাগাদ এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে । জানা গেছে, রিতিকা সামন্ত (১৬) নামে দশম শ্রেণির ওই ছাত্রী টিউশন পড়ে সাইকেলে চড়ে বাড়ি ফিরছিল। সেই সময় সমীর দাস (২৪) নামে অভিযুক্ত যুবক তার পথ আটকিয়ে একটা ধারাল ছুরি দিয়ে তাকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে । সে পেট, হাত ও ঘাড়ে ছুরি কোপালে মেয়েটি রক্তাক্ত অবস্থায় অকুস্থলেই লুটিয়ে পড়ে । গুরুতর জখম অবস্থায় কিশোরীকে প্রথমে ডোমজুড় হাসপাতাল ও পরে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিশোরীর চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলেন এবং গনধোলাই দেয় । পরে খবর পেয়ে ডোমজুড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে হেফাজতে নেয়। আহত অভিযুক্তকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, অভিযুক্তের বাড়ি বীরভূম জেলার ময়ূরেশ্বরে । সে আন্দুলের জালান কমপ্লেক্সে কর্মরত । মৃত কিশোরীর শোকার্ত মা জানিয়েছেন, অভিযুক্ত যুবক প্রথমে তাদের বাড়িতে ভাড়া থাকত। তার মেয়েকে উত্যক্ত করার কারনে যুবককে তাড়িয়ে দেন । কিন্তু তারপরেও তার মেয়েকে ফোনে মেসেজ পাঠিয়ে প্রেমের প্রস্তাব দিত সে । যেকারণে তার নম্বর ব্লক করে দেওয়া হয়েছিল । আর ফোনে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারনেই ওই যুবক তার মেয়েকে এমন নৃশংসভাবে হত্যা করেছে বলে অভিযোগ তার ।
প্রাথমিকভাবে প্রেমঘটিত সম্পর্কের টানাপোড়েন থেকেই এই হামলার ঘটনা ঘটেছে বলে পুলিশের অনুমান। তবে ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ । এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।।
