এইদিন ওয়েবডেস্ক,জম্মু-কাশ্মীর,১২ জুলাই : জম্মু ও কাশ্মীরের সরকারি স্কুল লাইব্রেরিতে পাওয়া দুটি বইকে ঘিরে সৃষ্ট বিতর্কের চলমান তদন্তের অংশ হিসেবে জম্মুর কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিট (সিআইইউ) তিনজন প্রকাশককে গ্রেপ্তার করেছে বলে রবিবার কর্মকর্তারা জানিয়েছেন।গ্রেফতার হওয়া তিন প্রকাশক হলেন “ওবেরয় বুক সার্ভিস”- এর ইন্দরপল” এবং নয়ডা-ভিত্তিক “ডমিন্যান্ট পাবলিশার্স“-এর অমরদীপ সিং ও গিরিশ অরোরা । তদন্তাধীন বই দুটি হলো জম্মু-ভিত্তিক ওবেরয় বুক সার্ভিস কর্তৃক প্রকাশিত হিলাল আহমেদ ও সন্তোষ মীনা রচিত ‘পার্সোনালিটিজ অ্যান্ড লেজেন্ডস অফ জে-কে’ এবং দিল্লি-ভিত্তিক অনুরাগ প্রকাশন কর্তৃক প্রকাশিত সুশান্ত গিরি রচিত ‘গ্রেট পার্সোনালিটিজ অফ জম্মু অ্যান্ড কাশ্মীর’।সরকারি গ্রন্থাগারে থাকা দুটি বইয়ে বিচ্ছিন্নতাবাদী নেতাদের মহিমান্বিত করার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে।
গত ৪ জুলাই, কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিট ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ধারা ৪৯ (উস্কানি), ৬১(২) (অপরাধমূলক ষড়যন্ত্র), ১৫২ (ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও অখণ্ডতা বিপন্ন করা), ১৯৬ (শত্রুতা বা বিভেদ সৃষ্টি করা), এবং ৩৫৩ (মিথ্যা বিবৃতি, গুজব বা প্রতিবেদন প্রকাশ বা প্রচার করা)-এর পাশাপাশি বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন (ইউএপিএ) -এর ধারা ১৩-এর অধীনে একটি এফআইআর দায়ের করেছে। কর্মকর্তাদের মতে, তদন্তকারীরা এই সামগ্রী মুদ্রণ ও প্রচারে প্রকাশকদের ভূমিকা খতিয়ে দেখছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, ওবেরয় বুক সার্ভিস এবং ডমিন্যান্ট পাবলিশার্স উভয়কেই সরকার আগেই কালো তালিকাভুক্ত করেছিল। তদন্তের অংশ হিসেবে কাউন্টার ইন্টেলিজেন্স দল ৬ জুলাই তাদের প্রতিষ্ঠানে অভিযান চালায়। কর্মকর্তারা জানায়, একটি বইয়ের ১২৩টি কপি জম্মু, রামবান ও উধমপুর জেলার সরকারি প্রতিষ্ঠানগুলোতে বিতরণ করা হয়েছে এবং অন্য বইটির ১২৮টি কপি জম্মু ও বারামুল্লা জেলায় সরবরাহ করা হয়েছে।
শনিবার, জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা স্কুল শিক্ষা বিভাগের আটজন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন, একজন চুক্তিভিত্তিক কর্মচারীর চাকরি বাতিল করেছেন এবং বই দুটির ক্রয় ও প্রচলন বিষয়ে বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন।বিজেপি, কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর আপত্তির পরিপ্রেক্ষিতে স্কুল শিক্ষা বিভাগ এর আগে ৩ জুলাই সরকারি স্কুলগুলো থেকে বই দুটি প্রত্যাহারের নির্দেশ দিয়েছিল। তাদের অভিযোগ ছিল যে, এই প্রকাশনাগুলো বিচ্ছিন্নতাবাদকে মহিমান্বিত করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত চলছে এবং আগামী দিনগুলোতে আরও গ্রেপ্তারের সম্ভাবনা রয়েছে।।

