এইদিন আন্তর্জাতিক ডেস্ক,২৭ জুন : ইতালির রাজধানী রোমে একটি বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে ।স্থানীয় সময় শুক্রবার (২৬ জুন) রাত ৯টার দিকে রোমের পশ্চিমাঞ্চলের কাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিও সড়কের একটি বহুতল আবাসিক ভবনের ফ্ল্যাটে এই ঘটনা ঘটে। মৃতরা হল নোয়াখালীর বসুরহাট এলাকার বাসিন্দা মহম্মদ কামাল, তার স্ত্রী এবং তাদের পাঁচ বছর বয়সি শিশুকন্যা । হামলায় গুরুতর আহত হয়েছে তাদের ১৮ বছর বয়সি ছেলে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ইতালীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে ওই বাংলাদেশি পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে নিহত হন কামাল, তার স্ত্রী এবং পাঁচ বছর বয়সি কন্যা।হামলার সময় প্রাণ বাঁচাতে বাড়ি থেকে বেরিয়ে সাহায্য চাওয়ার চেষ্টা করে পরিবারের ১৮ বছর বয়সি ছেলে। তবে হামলাকারী তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে প্রতিবেশীদের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, অ্যাম্বুলেন্স ও ইতালির বিশেষ পুলিশ বাহিনী কারাবিনিয়েরির সদস্যরা পৌঁছে নিহতদের মৃতদেহ উদ্ধার করেন। আহত তরুণকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পরপরই পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করে অভিযান শুরু করেছে রোম পুলিশ। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং হামলাকারীকে গ্রেপ্তারে চলছে ব্যাপক তল্লাশি।কর্মকর্তারা জানিয়েছেন, হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি পূর্বশত্রুতার জের, ডাকাতির চেষ্টা নাকি অন্য কোনো উদ্দেশ্যে সংঘটিত হয়েছে তা তদন্তের পর স্পষ্ট হবে ।ভবনের আশপাশের সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খুনিকে শনাক্তের চেষ্টা করছে ফরেনসিক ও পুলিশ দল (Polizia Scientifica)। অকুস্থল সিলগালা করে দেওয়া হয়েছে । রোম পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘অত্যন্ত নৃশংসভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। পুরো এলাকা ঘিরে অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।’।

