এইদিন ওয়েবডেস্ক,মধ্যপ্রদেশ,২৬ জুন : মধ্যপ্রদেশের রতলাম জেলায় মহররমের একটি শোভাযাত্রা চলাকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। পিপলোদা থানার অন্তর্গত হাতনারা গ্রামে শোভাযাত্রার তাজিয়ার চূড়া একটি হাই ভোল্টেজের বৈদ্যুতিক তারে ধাক্কা লাগলে তিনজন নিহত এবং ১০ জন গুরুতরভাবে দগ্ধ হন।
মেওয়াতি মহল্লার মধ্য দিয়ে মহররমের শোভাযাত্রাটি নিয়ে যাওয়া হচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের মতে, তাজিয়া শোভাযাত্রায় বিশাল উঁচু তাজিয়া একটি উচ্চ ভোল্টেজের তারের সংস্পর্শে আসার সাথে সাথেই এর মধ্যে দিয়ে তীব্র বিদ্যুৎ প্রবাহ বয়ে যায় এবং আগুন ধরে যায় । দাউদাউ করে জ্বলতে থাকে তাজিয়া । তাজিয়া বহনকারীরা ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা সঙ্গে সঙ্গে আহতদের হাসপাতালে নিয়ে যান।
রতলামের পুলিশ সুপার অমিত কুমার জানিয়েছেন যে, এই দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। আহত দশজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রতলাম মেডিকেল কলেজের ডাক্তার রবীন্দ্র সোলাঙ্কি জানান, হাসপাতালে আনা তিনজনের মৃত্যু হয়েছে এবং বাকি আহতরা চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।।
