এইদিন ওয়েবডেস্ক,কোচবিহার,০৪ জুন : আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের মাথাভাঙার জোড়পাটকি গ্রাম পঞ্চায়েত এলাকা । জনরোষের মুখে খাটের তলায় ঢুকে পড়লেন তৃণমূল নেতা সিভিক ভলান্টিয়ার শহিদুল মিয়াঁ। শেষ পর্যন্ত পুলিশ গিয়ে তাকে খাটের তলা থেকে বের করে । বিজেপির সর্বভারতীয় আইটি ইনচার্জ অমিত মালব্য এনিয়ে তিনি পূর্বতন শাসকদল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেছেন । খাটের তলায় লুকিয়ে থাকা অবস্থায় ওই তৃণমূল নেতার ভিডিও এক্স-এ শেয়ার করেছেন তিনি । অমিত মালব্য লিখেছেন,’পশ্চিমবঙ্গের কাট-মানি কেলেঙ্কারি এখন রাজনৈতিক প্রহসনের মতো দৃশ্য তৈরি করছে। কোচবিহারের মাথাভাঙায়, স্থানীয় বাসিন্দারা সরকারি আবাসন প্রকল্পের সুবিধাভোগীদের কাছ থেকে ৫,০০০ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত চাঁদাবাজির অভিযোগে টিএমসি নেতা শহিদুল মিয়ার বাড়ি ঘিরে ফেলেন।জনরোষ ছড়িয়ে পড়লে, উত্তেজিত জনতার হাত থেকে বাঁচতে টিএমসি নেতা তাঁর খাটের নিচে লুকিয়ে পড়েন। অবশেষে, পুলিশকে তাঁকে তাঁর লুকানোর জায়গা থেকে উদ্ধার করতে হয়।’ তিনি লিখেছেন,’কাকদ্বীপ থেকে নামখানা এবং এখন মাথাভাঙা পর্যন্ত, গল্পটা একই: কাট-মানি, দুর্নীতি এবং আতঙ্ক। তদন্ত যত জোরদার হচ্ছে এবং গ্রেপ্তারের সংখ্যা বাড়ছে, যারা একসময় গরীবদের শোষণ করত, তাদের পক্ষে এখন খাটের নিচেও লুকিয়ে থাকা ক্রমশ কঠিন হয়ে পড়ছে।’
জানা গিয়েছে, আবাস যোজনার অনুদান পাইয়ে দেওয়ার নাম করে শহিদুল মিয়াঁ স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ৫ হাজার, ১০ হাজার, ২০ হাজার টাকা করে মোট ৮ লক্ষ টাকা তুলেছিল । কাটমানির টাকা ফেরতের দাবিতে গত ২৫ মে স্থানীয় মহিলারা তার বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন। বুধবার ফের একই দাবিতে স্থানীয় মহিলারা তাঁর বাড়িতে চড়াও হলে শহিদুল সোজা খাটের নীচে নিচে গিয়ে আশ্রয় নেয় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ। এরপর তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় । বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এই গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।।
