এইদিন বিনোদন ডেস্ক,০৩ জুন : ‘রারা রাক্কাম্মা’ খ্যাত বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ এখন ২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় আরও কঠোর আইনি সমস্যায় পড়েছেন৷ আজ বুধবার দিল্লির একটি আদালত ২০০ কোটি টাকার অর্থ পাচার মামলায় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ, বহু কোটি টাকার প্রতারক সুকেশ চন্দ্রশেখর এবং আরও ১৫ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র দাখিল করেছে।
দিল্লি পুলিশের স্পেশাল সেলের দায়ের করা একটি পৃথক মামলায়, আদালত সুকেশ চন্দ্রশেখর ও আরও ২০ জনের বিরুদ্ধে কঠোর এমসিওসিএ বিধানসহ বিভিন্ন অপরাধে অভিযোগ গঠন করেছে। আজ বিকেলে সুকেশ চন্দ্রশেখর, জ্যাকুলিন ও আরও কয়েকজন সশরীরে আদালতে হাজির হন।গত ৩০শে মে দিল্লির পাতিয়ালা হাউস আদালত জ্যাকলিন ফার্নান্দেজ এবং মূল হোতা সুকেশ চন্দ্রশেখরসহ মোট ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের নির্দেশ দিয়েছিল। শুনানি পরিচালনাকারী অতিরিক্ত দায়রা জজ প্রশান্ত শর্মা বলেন, জোরালো প্রমাণ রয়েছে যে জ্যাকলিন ফার্নান্দেজ কেবল উপহার গ্রহণকারী একজন অভিনেত্রীই ছিলেন না, বরং তিনি চুরি করা টাকা লুকানোর জন্য সুকেশের সঙ্গে যোগসাজশ করেছিলেন।
প্রাথমিক নথিগুলো পর্যালোচনা করলে এটা স্পষ্ট যে, জ্যাকলিন ফার্নান্দেজ অর্থ পাচার প্রতিরোধ আইনের (পিএমএলএ) ৩ ধারার অধীনে একটি অপরাধ করেছেন। এটি ৪ ধারার অধীনে একটি শাস্তিযোগ্য অপরাধ, ৩০শে মে জারি করা তাঁর আদেশে একথা বলেন বিচারপতি প্রশান্ত শর্মা।।

