এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০২ জুন : বিভিন্ন দুর্নীতি ও রাজনৈতিক হিংসার অভিযোগে জেলায় জেলায় তৃণমূলের নেতাকর্মীরা একদিকে যখন গনরোষের শিকার হচ্ছে, পাশাপাশি অন্যদিকে প্রকাশ্য দিবালোকে রাজপথে তৃণমূল নেতাদের কোমড়ে দড়ি পরিয়ে প্যারেড করাচ্ছে পুলিশ । প্রতিদিনই কোনো না কোনো জেলায় এমনই তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হচ্ছে তৃণমূলের নেতাদের । বাদ নেই পূর্ব বর্ধমান জেলাও । আজ মঙ্গলবারেও পূর্বতন শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহর । সরকারি ত্রিপল চুরির অভিযোগে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় জেলা তৃণমূল সভাপতি তথা প্রাক্তন বিধায়ক বৃদ্ধ রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে ঘিরে তুমুল বিক্ষোভ ও ধাক্কাধাক্কি করা হয়৷ ‘চোর চোর’ শ্লোগান দিয়ে তাকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম ।
তবে তীব্র গনরোষের মুখে পড়তে হয়ে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ কালী চট্টরাজ, সন্দীপ ঘোষ এবং তারক ঘোষ নামে তিন তৃণমূল কর্মীকে । তাদের ধরে বেদম পিটিয়ে দেয় ক্ষিপ্ত জনতা । জনতার এই রুদ্ররূপ দেখে সন্দীপ ঘোষ কার্যালয়ের তিনতলার ছাদে আত্মগোপন করেছিলেন । সেখান থেকে নিচে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ । ওই তিন তৃণমূল কর্মীই কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে চুড়ান্ত হেনস্থার পর রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে কাটোয়া হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।ঘটনার সময় উত্তেজিত জনতা তৃণমূল কার্যালয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ।
জানা গেছে,আজ দুপুরে কাটোয়া শহরের স্টেশন বাজার এলাকায় একটি গোডাউন থেকে সরকারি ত্রাণসামগ্রী অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। খবর পেয়ে বিজেপির লোকজন সেখানে জড়ো হয়ে যায় । পাশাপাশি জড়ো হয় প্রচুর সাধারণ মানুষ । সরকারি ত্রিপল পাচারের অভিযোগ তুলে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে ঘিরে তুমুল বিক্ষোভ দেখায় ক্ষিপ্ত জনতা । “চোর চোর” স্লোগান দিয়ে তাকে ধাক্কাধাক্কি করা হয় । ছোড়া হয় ডিম। পুলিশ উত্তেজিত জনতার ভিড় থেকে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে কোনো রকমে উদ্ধার করে থানায় নিয়ে যায় । পাশাপাশি তখন তিন তৃণমূল কর্মীকে ধরে গনধোলাই দিতে শুরু করে ক্ষিপ্ত জনতা । এদিকে থানায় আনার পর রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় অসুস্থ হয়ে পড়লে তাকে কাটোয়া হাসপাতালে ভর্তি করা হয় । সেই সাথে ভর্তি করা হয় প্রহৃত তিন তৃণমূল কর্মীকেও ।।
