এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০২ জুন : ২০২৬ এর বিধানসভার ভোটে শোচনীয় পরাজয়ের পর মমতা ব্যানার্জির তৈরি দল তৃণমূল কংগ্রেসের কঙ্কালসার চেহেরা ক্রমশ প্রকাশ্যে আসছে । গতকালই দল বিরোধী কাজের অভিযোগে উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে বহিষ্কার করেছেন তৃণমূল সুপ্রিমো । কিন্তু আজ মঙ্গলবার যে খবর আসছে তাতে সম্ভবত বিধানসভার প্রধান বিরোধী দলের তকমাও হারাতে চলেছে মমতা ব্যানার্জির দল । ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অন্তত ৫০ জন তৃণমূল বিধায়ক কার্যত বিদ্রোহ ঘোষণা করে নতুন দল গড়তে চলেছে বলে খবর ।
আজ সকালেই মানিকতলার বিজেপি বিধায়ক তাপস রায় এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন । তিনি লিখেছেন,’তৃণমূল কংগ্রেস ভেঙে চুরমার। মহারাষ্ট্রের মতন অবস্থা হলো তৃণমূলের৷ বিধানসভার স্পিকার এর কাছে প্রায় ৫০ জন টিএমসির বিধায়ক নিয়ে পৌঁছে গেছে ঋতব্রত । খেলা হবে।’
জানা গেছে,সোমবার রাতে কলকাতার এমএলএ হস্টেলে (MLA Hostel) বহিষ্কৃত দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার সঙ্গে আরও দুই হেভিওয়েট তৃণমূল নেতানেত্রী জাভেদ খান ও শিউলি সাহাদের এক অত্যন্ত গোপন ও দীর্ঘ বৈঠক হয় । সেখানেই বিরোধী দল তৃণমূলের ৫০ জন বিধায়কের নামের তালিকা তৈরি হয়েছে। ইতিমধ্যেই ৫০ জন স্বাক্ষর করে ফেলেছেন বলেই সূত্রের খবর। বুধবার সেই তালিকা জমা দেওয়া হবে বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর কাছে। সূত্রের খবর, এই ৫০ জনের দলনেতা হতে পারেন সদ্য তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রত ব্যানার্জি । ‘আদি তৃণমূল’ নামে নতুন দল করে তারা স্বীকৃতি চাইবেন এবং ঋতব্রত ব্যানার্জিকে বিরোধী দলনেতা হিসাবে দাবি জানানো হবে ।
অন্যদিকে শাসকদল বিজেপিও হয়ত সেটাই চাইছে । তাই ঋতব্রত ব্যানার্জির নেতৃত্বে ‘আদি তৃণমূল’-এর স্বীকৃতি পেতে তেমন সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে । আর যদিও এই ছকেই ‘আদি তৃণমূল’-এর বাড়বাড়ন্ত হয় তাহলে জাতীয় তো দুরের কথা, রাজ্য রাজনীতিতেই মমতা ব্যানার্জির প্রাসঙ্গিকতা হারিয়ে যাবে বলে মনে করা হচ্ছে ।।
