এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২৬ মে : মুসলিমদের পরবে জবাই করার জন্য বসেছিল ‘কোরবানির পশু হাট’ । আনা হয়েছিল প্রচুর গরু-মোষ । তার মধ্যে ২টি মোষ সম্ভবত তাদের সম্ভাব্য নৃশংস পরিনতি আঁচ পেয়ে যায় । ভরা বাজারে মোষটি আচমকা আক্রমণ চালিয়ে দেয় উপস্থিত ক্রেতাবিক্রেতার উপর । আর সেই আক্রমণে মৃত্যু হল ২ পশু ব্যবসায়ীর । আহত হয়েছে আরও অন্তত ৪ জন । বাংলাদেশের জামালপুরের দেওয়ানগঞ্জে কোরবানির পশুর হাটে এই ঘটনা ঘটেছে ।
সোমবার (২৫ মে) রাতে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মজিবুর রহমান নামের এক পাইকের মারা গেছে । এর আগে রবিবার (২৪ মে) উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী কোরবানির পশুর হাটে একটি মহিষের আক্রমণে রুহুল আমিন নামের আর একজন মারা গেছে । মজিবুর রহমান সানন্দবাড়ী এলাকার চর মাদার গ্রামের মৃত নুর মহম্মদের ছেলে। রুহুল আমিন রাজিবপুর উপজেলার জাউনিয়ার কড়াইডাঙ্গীপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার স্থানীয় আকন্দপাড়া গ্রামের এক পাইকের বিক্রির উদ্দেশ্যে কয়েকটি মহিষ নিয়ে সানন্দবাড়ী হাটে আসেন। হাটে আনার পর একটি মহিষ হঠাৎ উত্তেজিত হয়ে ওঠে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একপর্যায়ে মহিষটি হাটজুড়ে ছোটাছুটি শুরু করে এবং সামনে থাকা লোকজনকে আক্রমণ করতে থাকে। মহিষের আক্রমণ থেকে বাঁচতে হাটে থাকা মানুষজন আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করে। সেই সময় রাজিবপুর উপজেলার জাউনিয়ার কড়াইডাঙ্গীপাড়া গ্রামের রুহুল আমিনসহ অন্তত ছয়জন আহত হয় । গুরুতর আহত রুহুল আমিনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।
অপরদিকে গুরুতর আহত মজিবুর রহমানকে প্রথমে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় সে মারা যায়।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, হঠাৎ মহিষের আক্রমণে আহত মজিবুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া এই ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। হাট কর্তৃপক্ষ জানিয়েছে, এটা নিতান্তই দুর্ঘটনা। তবে অভিযোগ পেলে আইনগত বিষয় খতিয়ে দেখা হবে।।
