এইদিন ওয়েবডেস্ক,মহারাষ্ট্র,২৬ মে : মহারাষ্ট্রের ইয়াভাতমাল জেলায় গো-পাচারকারীরা বজরং দলের কর্মী ৩২ বছর বয়সী গজানন সুরশেকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। এই ঘটনায় শেখ সুলতান আলাভালি, আলাভালি শেখ, ইরফান শেখ, ইব্রাহিম শেখ, আসিফ শেখ, আয়াজ কাজী এবং আরিফ শেখ সহ বেশ কয়েকজন অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে।
পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং পলাতকদের খোঁজে তল্লাশি শুরু করেছে। গজানন সুরশে মহাগাঁও তহসিলের ভাদাদ-মুদানা গ্রামের বাসিন্দা এবং বজরং দলের সঙ্গে যুক্ত ছিলেন। রবিবার গভীর রাতে (২৫ মে, ২০২৬) বজরং দলের কর্মীরা খবর পান যে নাগপুর-তুলজাপুর জাতীয় মহাসড়ক দিয়ে বিপুল সংখ্যক গবাদি পশু অবৈধভাবে পাচার করা হচ্ছে। এরপরে, আন্দোলনকারীরা বিজোরা টোল পোস্টের কাছে নজরদারি শুরু করেন। এরই মধ্যে, একটি সন্দেহজনক পিকআপ ট্রাককে দ্রুত গতিতে পাশ দিয়ে যেতে দেখা যায়, যেটি ৮ থেকে ১০টি গবাদি পশু বহন করছে বলে আন্দোলনকারীদের সন্দেহ হয়। গজানন সুরশে তার গাড়িতে করে এসে পাচারকারীদের গাড়িটিকে ধাওয়া করতে শুরু করেন।
এরপর অভিযুক্তরা হাইওয়ে ছেড়ে উমরখেদের কাছে সুকালী গ্রামের দিকে পালিয়ে যায়, যেখানে আগে থেকেই উপস্থিত অন্য অভিযুক্তরা গজাননের গাড়িটিকে ঘিরে ফেলে। এরপর গজানন সুরশেকে জোর করে গাড়ি থেকে টেনে বের করে পাথর, লোহার রড এবং কাঠের লাঠি দিয়ে আক্রমণ করে ।
স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়। মৃতের ভাই জ্ঞানেশ্বর সুরশের অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় দণ্ডবিধির ১০৯(১),১০৩(১), এবং ৩(৫) ধারায় হত্যাসহ একটি মামলা দায়ের করেছে।।
