এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৫ মে : সরকার গঠনের পর আজ দ্বিতীয় দিন সল্টলেকে রাজ্য বিজেপি কার্যালয়ে ‘জনতার দরবারে’ মানুষের অভাব অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । বিভিন্ন অভাব অভিযোগ নিয়ে প্রচুর মানুষ এসেছিলেন মুখ্যমন্ত্রীর কাছে৷সোনা পাপ্পুদের প্রতারণায় গৃহহীন বৃদ্ধ দম্পতি থেকে শুরু করে চাকুরীহারাদের ভিড়ে ঠাসা ছিল ‘জনতার দরবার’৷ মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,’আজ রাজ্য বিজেপি কার্যালয়ে ‘জনতার দরবারে’ মানুষের অভাব অভিযোগ শুনেছি এবং প্রকৃত সমাধানের আশ্বাস দিয়েছি। পশ্চিমবঙ্গ সরকার জনগণের সরকার, সাধারণ মানুষের সরকার। সাধারণ মানুষের যে কোনো সমস্যায় এই সরকার সর্বদা তাঁদের পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ।’
অভিযোগ জানাতে আসা দের মধ্যে উল্লেখযোগ্য নাম হলেন অশীতিপর বৃদ্ধ প্রবীর মুখোপাধ্যায় । স্ত্রীকে সাথে নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে তিনি বর্ণনা করেন,কিভাবে তার পৈতৃক জমিতে আবাসন নির্মান করে ফ্লাট দেওয়ার কথা বলে তাকে পথে বসিয়ে দিয়েছে নির্মান সংস্থার মালিক জয়দেব কামদারের ছত্রছায়ায় থাকা সোনা পাপ্পু । তিনি জানান যে অনেক আশা নিয়ে সোনা পাপ্পুদের হাতে জমিটা তুলে দিয়েছিলাম যে মাথা গোঁজার ঠাঁই পাবো । কিন্তু সে ফ্ল্যাট মেলেনি আজও। বরং ফ্ল্যাটের দাবি করলে মিলেছে হুমকি। শুধু তাই নয়, জমি দেওয়ার পরেও ফ্ল্যাটের জন্য ১৭ লক্ষ টাকা দিতে হবে বলেও চাপ দেওয়া হয় তাঁকে। বর্তমানে জেলবন্দি জয়দেব কামদার এবং সোনা পাপ্পুরা। স্বাভাবিকভাবে ফ্ল্যাট পাওয়ার এখনই আর সম্ভব নয়। এই পরিস্থিতিতে অথৈ সাগরে পড়েছেন তারা । মুখ্যমন্ত্রী বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন বলে জানান প্রবীর মুখোপাধ্যায় ।
পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন চাকরিহারারাও। তাদের প্রতিনিধি সুমন বিশ্বাস মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন । তিনি বলেন,’প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো দেখাই করতেন না । কিন্তু আজ আমরা নতুন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে নিজেদের সমস্যার কথা তুলে ধরতে পেরেছি ।’ জনতার দরবার চালু করার জন্য তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান৷ আজ জনতার দরবারে চাকরিপ্রার্থী ও চাকরিহারাদের ৯টি সংগঠনের সদস্যরা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের অভাব-অভিযোগের কথা জানান । আজ বেলা ১১টা নাগাদ সল্টলেকের দলীয় কার্যালয়ে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন লকেট চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, প্রতি সোমবারই সরাসরি মানুষের অভাব অভিযোগের কথা শুনবেন মুখ্যমন্ত্রী । তবে তার আগে রেজিস্ট্রেশন করাতে হবে।।
