এইদিন ওয়েবডেস্ক,ঝাড়গ্রাম,২২ মে : ঝাড়গ্রামে নির্বাচনী প্রচারে গিয়ে ফেরার পথে একটা দোকানের সামনে কনভয় দাঁড় করিয়ে ঝালমুড়ি কিনে খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তারপর গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল । ইতিমধ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যের শাসনক্ষমতায় বসেছে নরেন্দ্র মোদীর দল বিজেপি । এদিকে প্রধানমন্ত্রীকে ঝালমুড়ি বিক্রি করে পাকিস্তানি ও বাংলাদেশি সন্ত্রাসীদের রোষানলে পড়েছেন ঝাড়গ্রামের সেই ঝালমুড়ি বিক্রেতা বিক্রম কুমার সাউ । তিনি অভিযোগ করেছেন যে সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও বাংলাদেশ থেকে হোয়াটসঅ্যাপ কল করে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেখানো হচ্ছে । এই বিষয়ে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন।
ঝাড়গ্রামের রাজ কলেজ মোড়ে “চবন লাল স্পেশাল ঝালমুড়ি” নামে একটি দোকান চালান বিক্রম সাউ ওরফে বিহারী বাবু । গত ১৯ এপ্রিল বিধানসভা নির্বাচনের প্রচারের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর কনভয় থামিয়ে তার দোকান থেকে ১০ টাকার ঝালমুড়ি কিনে খেয়েছিলেন এবং বিক্রেতার সাথে কথা বলেছিলেন।এই ঘটনার পর ব্যাপক আলোচনায় আসেন ওই ঝালমুড়ি বিক্রেতা । এমনকি সুদূর নেদারল্যান্ডস সফরে গিয়েও বিক্রমের ঝালমুড়ির প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিক্রমকুমার সাউ বলেছেন,’পাকিস্থান থেকে আমায় হোয়াটসঅ্যাপে কল ও মেসেজ করে বলা হচ্ছে, “তুই এখনো বেঁচে আছিস,তোকে বোম মেরে উড়িয়ে দেবো”৷ বাংলাদেশ থেকে ভিডিয়ো কলে অস্ত্র দেখিয়ে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়েছে ।’ তিনি এনিয়ে ঝাড়গ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে তিনি এবং তার গোটা পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানান বিক্রম । তার অভিযোগের ভিত্তিতে যে সব নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছে, সেগুলি চিহ্নিত করার কাজ শুরু করেছেন পুলিশ এবং সাইবার ক্রাইম বিশেষজ্ঞে। পাশাপাশি ওই এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে ।।
