এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২০ মে : বাংলাদেশ সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফ-কে আনুষ্ঠানিকভাবে ২৭ কিলোমিটার জমি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । আজ বুধবার রাজ্য সরকারের প্রশাসনিক ভবন নবান্নে সাংবাদিক সম্মেলনে খোদ একথা জানিয়েছেন তিনি । এর আগে মন্ত্রিসভা জমি হস্তান্তরের অনুমোদন দেয় । পাশাপাশি পূর্বতন মমতা ব্যানার্জি সরকারের তোষামোদি রাজনীতির তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী । সেই সাথে তিনি সাফ জানিয়ে দেন যে অবৈধ অনুপ্রবেশকারীদের অতি দ্রুত দেশ থেকে তাড়ানো হবে ।
মুখ্যমন্ত্রী বলেন,’বাংলাদেশ সীমান্ত দেশের সুরক্ষার প্রশ্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ । এই রাজ্য এবং দেশের নানা জায়গায় যে ধরনের দেশবিরোধী কাজ, আইনশৃঙ্খলা জনিত অপরাধ, লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ, বলপূর্বক ধর্ম পরিবর্তন এবং বিশেষ করে নারী,কন্যা ও শিশুদের নিরাপত্তার প্রশ্নে যে ধরনের অসামাজিক কাজকর্ম আমরা বৃদ্ধি লক্ষ্য করেছি এবং তাদের সঙ্গে যুক্ত এই রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্তে যারা ধরা পড়েছে তাদের একটা বড় অংশ বাংলাদেশী অবৈধ অনুপ্রবেশকারী ।’ তিনি বলেছেন, ‘এরাজ্যের ৬০০ কিলোমিটার আমরা কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ সম্পূর্ণ করতে পারিনি। তার মধ্যে ৫৫০ কিলোমিটার এলাকায় রাজ্য সরকার চাইলে জমি দিতে পারতো । কিন্তু বিগত রাজ্য সরকার রাজনৈতিক কারণে, ভোট ব্যাংকের জন্য এবং তাদের যে উচ্চ তোষামোদির এজেন্ডা ছিল, হয়তো সেই কারণে জমি দেয়নি ।’
গত ৯ মে শপথ নেওয়ার পরই বিএসএফকে জমি হস্তান্তরের ব্যাপারে বড় সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত ১১ মে নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন তিনি। বলেছিলেন, ভারত-বাংলাদেশের যে সব অংশে কাঁটাতার নেই, সেই অংশের জমি বিএসএফকে হস্তান্তর করবে রাজ্য সরকার।
বৈঠক শেষে শুভেন্দু অধিকারী বলেছিলেন, “ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হল ৪৫ দিনের মধ্যে বিএসএফের প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে; যা আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের আগেই বলেছিলেন।” অবশেষে সেই কথামতোই কাজ করলেন শুভেন্দু।
এ বিষয়ে নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী বলেন, “ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত ৪ হাজার কিলোমিটার। ২২০০ কিমি রয়েছে পশ্চিমবঙ্গেই। এরমধ্যে ১৬০০ কিমি কাঁটাতার রয়েছে। বাকি ৬০০ কিমি কাঁটাতার অসম্পূর্ণ।”
আজ বুধবার প্রথম পর্যায়ে ২৭ কিলোমিটার জমি হস্তান্তরের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, “এই দীর্ঘ এলাকাকে সুরক্ষিত করার জন্য প্রয়োজনীয় জমি দেওয়া হচ্ছে। এটি সবেমাত্র সূচনা। আমাদের দক্ষ কর্মকর্তারা কিছু দিনের মধ্যেই কাজ সম্পূর্ণ করবেন এবং বিএসএফকে সবরকম সাহায্য করবেন।”
তিনি বলেছেন, অবৈধ অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফ-এর হাতে তুলে দেওয়ার জন্য একটি চিঠি গত বছর কেন্দ্রীয় সরকার থেকে পশ্চিমবঙ্গকে পাঠানো হয়েছিল। কিন্তু এই গুরুত্বপূর্ণ আইন আগের সরকার কাজে লাগায়নি। আমরা তা কার্যকর করলাম। শুভেন্দু আরও জানান, যারা নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) অন্তর্ভুক্ত নন, তাদের গ্রেপ্তার করে সরাসরি তুলে দেওয়া হবে বিএসএফ এর হাতে। তারপর তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হবে। এই আইন বুধবার থেকেই কার্যকর হবে।।
