এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২০ মে : রাজ্যের মহিলাদের জন্য সুখবর দিলেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রী ৷ তাঁর দপ্তর থেকে আজ এই সংক্রান্ত একটি নোটিফিকেশন জারি করা হয়। ঘোষণা অনুযায়ী আগামী ১ জুন থেকে মাসে তিন হাজার টাকা করে সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি-র মাধ্যমে পৌঁছে যাবে । সোশ্যাল মিডিয়ায় রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল লিখেছেন,’অন্নপূর্ণ ভাণ্ডার যোজনা পশ্চিম বাংলার মহিলাদের জন্য ঘোষণা করা হয়েছে। ১০ মে মন্ত্রিসভার বৈঠকে সংকল্প নেওয়া হয়েছে এবং ১৯ মে নোটিস জারি করা হয়েছে। আমরা প্রতিশ্রুতি এবং কর্মে বিশ্বাস করি এবং যা কিছু প্রতিশ্রুতিবদ্ধ করা হয়েছে তা কার্যকর করা হয়েছে।’
সরকারের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, নতুন করে আবেদন, পুরনোদের স্টেটাস দেখার জন্য চালু করা হবে পোর্টাল। সেই মতো পুরনো উপভোক্তাদের স্টেটাস দেখার জন্য আনুষ্ঠানিক ভাবে পোর্টাল চালু করা হয়েছে । বিডিও এবং এসডিও-রা আবেদনপত্রগুলি যাচাই করার পর জেলাশাসকের কাছে পাঠাবেন। তারপর নাম উঠবে পোর্টালের তালিকায় । কলকাতা পুরসভার যাচাইকরণ প্রক্রিয়াটি পুর আধিকারিকদের উপর বর্তেছ ।
কারা এই সরকারি প্রকল্পের সুবিধা পাবে ?
যাঁদের বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে তাঁরাই এই যোজনার সুবিধা পাবেন। এছাড়া,এসআইআর তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁরা যেমন এই টাকা পাবেন, একই সঙ্গে যারা সিএএ এবং ট্রাইবুনালে আবেদন করেছেন, তাঁরাও এই যোজনার সুবিধা পাবেন।
কারা পাবে না ?
রাজ্য বা কেন্দ্রীয় সরকারি চাকুরে হলে মিলবে না এই অন্নপূর্ণা যোজনার টাকা। শুধু তা-ই নয়, যাঁরা আয়কর দেন তাঁরাও এই যোজনার আওতায় পড়বেন না।।
