এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৭ মে : মালদা জেলার ইংরেজ বাজারে এক বিজেপি সমর্থককে ফোন করে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুনের ঘটনা ঘটেছে । ঘটনাটি ঘটেছে মালদা শহরের ১নম্বর ওয়ার্ডের মহেশপুর গাদুয়া মোড় এলাকায় । পুলিশ জানিয়েছে, মৃতের নাম কিষাণ হালদার(২৮)। এই ঘটনায় তাঁর আরও দুই বন্ধুও আহত হয়েছেন বলে খবর। গোটা ঘটনায় অভিযোগ উঠেছে প্রতিবেশী গোলাম হালদার ও তাঁর ছেলে সুমন হালদার সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। তবে জেলা পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই । জুয়ো খেলা নিজে ঝামেলার জেরে এই খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
জানা গেছে,ইংরেজবাজার থানার মহেশপুর বাগান পাড়ায় বাড়ি ২৮ বছরের যুবক কিষাণ হালদারের । পরিবারের অভিযোগ, গতকাল রাতে তাঁকে কয়েকজন ফোন করে ডাকে। তারপর আর ফেরেনি। এরপর রাত ১১টা নাগাদ তারা খবর পান মহেশপুর বাগান পাড়া এলাকায় কিষাণ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। একথা শুনেই তারা সেখানে ছুটে যান। গিয়ে দেখেন কিষাণ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এবং তার পাশেই পড়ে আছে দুটি ধারালো অস্ত্র। এরপর তারা তড়িঘড়ি রক্তাক্ত কিষাণকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
মৃতের পরিবারের অভিযোগ , কিষাণকে প্রতিবেশি গোলাম হালদারের ছেলে সুমন হালদার সহ বেশ কয়েকজন মিলে খুন করেছে । তবে খুনের কারণ সম্পর্কে তারা কিছুই জানাতে পারেননি। এই ঘটনায় কিষাণের সঙ্গে তার আরও দুই বন্ধু আহত হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন ।
এদিকে এই ঘটনার পর ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গোটা ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে । মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিং জানান,এই খুন কোন রাজনৈতিক কারণে নয়, জুয়া খেলা নিয়ে বচসা, গন্ডগোলের জেরেই ঘটেছে । খুনে ব্যবহৃত ধারালো অস্ত্রটিও উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে ।।
