এইদিন আন্তর্জাতিক ডেস্ক,১৭ এপ্রিল : তালিবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদার প্রতিদ্বন্দ্বী মুতাসিম আগা জানকে গ্রেপ্তার করা হয়েছে । মোতাসিম আগা জানের এক আত্মীয় জাওয়িয়া নিউজকে নিশ্চিত করেছেন যে, সোমবার থেকে কান্দাহারে তালেবান গোয়েন্দারা তাকে আটক করে রেখেছে। তালেবান-পাকিস্তান সমঝোতা প্রচেষ্টার সময় সন্দেহের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে সর্বোচ্চ নেতার সুরক্ষা দেওয়া তথাকথিত ‘ডেড স্কোয়াড’ । মুতাসিম আগা জান হলেন তালেবানের প্রতিষ্ঠাতা ও তৎকালীন নেতা মোহাম্মদ মোল্লা ওমরের প্রাক্তন চিফ অফ স্টাফ এবং অর্থমন্ত্রী । তাকে সোমবার(১৩ এপ্রিল) কান্দাহার থেকে গ্রেপ্তার করা হয়।
মুতাসিম আগা জান তালেবানের অন্যতম প্রতিষ্ঠাতা এবং অন্যতম প্রভাবশালী নেতা, যিনি ২০০৩ সালে পাকিস্তানে তালেবানের পুনরুত্থানে মুখ্য ভূমিকা পালন করেছিলেন। ২০০৩ থেকে ২০১২/১৩ সাল পর্যন্ত তিনি তৎকালীন তালেবান নেতা আখতার মনসুরের পরেই দ্বিতীয় সর্বোচ্চ নেতা ছিলেন। ২০১২ সালে তালেবানের তহবিল নিয়ে আখতার মনসুরের সাথে তার একটি বড় ধরনের মতবিরোধ হয়, যার ফলে বচসা হয় এবং আখতার মনসুরের সশস্ত্র লোকেরা তাকে বেশ কয়েক রাউন্ড গুলি করে বেলুচিস্তানের কোয়েটায় মৃতপ্রায় অবস্থায় ফেলে রেখে যায়। কান্দাহারের তৎকালীন দুর্ধর্ষ পুলিশ কমান্ডার জেনারেল রাজিকের সাথে যোগাযোগ করে তাকে নিরাপদে কান্দাহারে নিয়ে যাওয়া হয়। এরপর চিকিৎসার জন্য তাকে বিমানযোগে বাগরামে পাঠানো হয় এবং তারপর তিনি তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতে বসবাস করেন।
২০২৩ সালে তার দীর্ঘদিনের ছাত্র এবং বর্তমানে তালেবানের প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা ইয়াকুব দুবাই গিয়ে তাকে কাবুলে আমন্ত্রণ জানান, যেখানে তাকে বেশ কয়েকটি সাঁজোয়া যান ও অর্থ দেওয়া হয় এবং তিনি মোল্লা ইয়াকুবের পূর্ণ সমর্থন পান, যিনি আবার মোল্লা ওমরের পুত্র। মুতাসিম আগা জান দ্রুত কান্দাহারে তার ক্ষমতার বলয় গড়ে তোলেন এবং সবাই তাকে হাইবাতুল্লাহ আখুন্দজাদার বিকল্প হিসেবে দেখতে শুরু করে।
কিন্তু কান্দাহারে মুতাসিমের ক্ষমতা যত বাড়তে থাকে, তালেবান নেতাদের সন্দেহপ্রবণতাও তত বাড়তে থাকে, যা শেষ পর্যন্ত তার গ্রেপ্তারের কারণ হয়। এটা জানা যায়নি যে তিনি হাইবাতুল্লাহর বিরুদ্ধে অভ্যুত্থানের ষড়যন্ত্র করছিলেন, নাকি তার গ্রেপ্তারের ফলে এখন হাইবাতুল্লাহর বিরুদ্ধে একটি অভ্যুত্থান ঘটতে পারে।।
