এইদিন ওয়েবডেস্ক,কোচবিহার,১৬ এপ্রিল : রাজ্যের বিধানসভার ভোটের নিরাপত্তার দায়িত্ব সামলাতে এসে খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়লেন ২৪ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান । ওই জওয়ানরা তুফানগঞ্জ-২ ব্লকের তল্লীগুড়ি হাই স্কুলে ছিলেন । বুধবার তাদের তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থদের মধ্যে ১০ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও ১৪ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন ৷ তাদের অবস্থা গুরুতর বলে জানা গেছে । যদিও এই বিষয়ে পুলিশ এবং প্রশাসনের তরফে এখনো কিছু জানানো হয়নি।
জানা গেছে,বিধানসভার ভোটে নিরাপত্তার দায়িত্ব সামলানোর জন্য বেশ কিছু কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তুফানগঞ্জ-২ ব্লকের তল্লীগুড়ি হাই স্কুলে ক্যাম্প করে আছেন । তারা নিজের রান্না নিজেরাই করছিলেন । কিন্তু মঙ্গলবার রাতে খাবার খাওয়ার পর বুধবার সকাল থেকে একে একে ২৪ জন জওয়ানের বমি,পায়খানাসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয় । তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় । চিকিৎসকদের প্রাথমিকভাবে অনুমান, খাদ্যে বিষক্রিয়ার জেরেই এই অসুস্থতা।।
