এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৫ এপ্রিল : প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত দিয়ে প্রকাশিত হল বিজেপির ‘মাতৃশক্তি ভরসা কার্ড’ । আজ বুধবার নিউটাউনের একটি হোটেলে মহিলাদের জন্য এই বিশেষ ‘কার্ড’ প্রকাশ করা হয় । অনেকে এটাকে তৃণমূল সরকারের ‘লক্ষ্মীর ভান্ডারের’ পালটা বলে মনে করছেন । এই কার্ডের মাধ্যমে মহিলাদের মাসিক ৩০০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে । বিধানসভার ভোটের ঠিক মুখেই বিজেপির ‘মাতৃশক্তি ভরসা কার্ড’ প্রকাশকে একটা মাস্টার স্ট্রোক বলে মনে করা হচ্ছে৷
স্মৃতি ইরানি বলেন,রাজ্যে বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় এলে মহিলাদের আত্মনির্ভর করতে প্রতিমাসে এক থেকে পাঁচ তারিখের মধ্যে তাদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে পৌঁছে দেওয়া সহ মহিলাদের জন্য বিভিন্ন আর্থিক সহায়তার প্রকল্প দলের সংকল্প পত্রে ঘোষণা করা হয়েছে। সেই ঘোষণার প্রতীক হিসেবে এই মাতৃশক্তি ভরসা কার্ডের উদ্বোধন করা হয়েছে।’ আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার রাজ্য সভাপতি ফাল্গুনী পাত্র, রাজ্য সাধারণ সম্পাদক শশী অগ্নিহত্রী প্রমুখ বিজেপির নেত্রীরা ।
ইতিমধ্যেই আজ সকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করলেন বিজেপির মহিলার মোর্চার সদস্যরা । কালনায় আসেন খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ এদিকে ভোটারদের আর্থিক প্রলোভন দেখানোর অভিযোগে কমিশনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল।।

