এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৫ এপ্রিল : রাজ্যে প্রথম দফার ভোট আর হাতেগোনা ৯ টা দিন । তার আগে মহার্ঘ ভাতা বা ডিএ মামলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কিছুটা স্বস্তি দিল সুপ্রিম কোর্ট । আজ বুধবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী কপিল সিবাল স্পষ্ট জানান, ইতিমধ্যেই সরকারি কর্মচারীদের ৬০০০ কোটি টাকা ডিএ দেওয়া হয়েছে৷ শীর্ষ আদালত নিযুক্ত কমিটির সুপারিশ মেনেই পদক্ষেপ করবে রাজ্য সরকার। শুনানিতে মামলাকারীরা অভিযোগ করেন যে, সব সরকারি কর্মচারী এখনও ডিএ পাচ্ছেন না। এর প্রেক্ষিতে বিচারপতি পি কে মিশ্র জানান, ডিএ দেওয়ার প্রক্রিয়া যে শুরু হয়েছে তা স্পষ্ট। যদি কোনো ক্ষেত্রে খামতি থাকে, তবে মামলাকারীদের প্রথমে সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটির কাছে আবেদন করতে হবে। রাজ্য যে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে, তাও খতিয়ে দেখবে আদালত। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৬ মে।
উল্লেখ্য,পঞ্চম পে কমিশনের বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ এপ্রিল মাসের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ আগেই দিয়েছিল সুপ্রিম কোর্ট। প্রথম কিস্তি ৬ মার্চের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়৷ বাকি বকেয়া মেটানোর রূপরেখা তৈরির জন্য প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটি কমিটি গঠন করে দেওয়া হয়।গোটা প্রক্রিয়াটি কতটা কার্যকর হল সেই নিয়ে ‘কমপ্লায়েন্স রিপোর্ট’ ১৫ এপ্রিলের মধ্যে রাজ্যকে সুপ্রিম কোর্টে জমা দিতে হবে বলা হয়েছিল। আগামী ২৭ এপ্রিল এই কমিটির পরবর্তী বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকের সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে।।
