এইদিন আন্তর্জাতিক ডেস্ক,১২ এপ্রিল : উগান্ডার সেনাপ্রধান মুহুজি কাইনেরুগাবা তুরস্ককে কঠোর হুঁশিয়ারি দিয়ে একটি বিতর্কিত বিবৃতি দিয়েছেন। কাইনেরুগাবা তুরস্কের কাছে ১ বিলিয়ন ডলার দাবি করেছেন এবং বলেছেন যে, এই অর্থ পরিশোধ করা না হলে উগান্ডা তুরস্কের দূতাবাস বন্ধ করে দেবে এবং দুই দেশের মধ্যে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে। তিনি বলেছেন যে শান্তি বজায় রাখতে তুরস্ক সরকারের উচিত তাদের নারীদের উগান্ডার জনগণের কাছে হস্তান্তর করা এবং এই উদ্দেশ্যে তিনি দাবি করেছেন যে তুরস্কের সবচেয়ে সুন্দরী মেয়েটিকে যেন তাকে স্ত্রী হিসেবে দেওয়া হয়। না পেলে, তিনি তুরস্কের দূতাবাস বন্ধ করে দেবেন এবং পুরোপুরি কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবেন বলে জানিয়েছেন।
এই বিবৃতিগুলোর বিষয়ে তুরস্ক সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তিনি বারবার আঙ্কারার বিরুদ্ধে তাকে পেছন থেকে ছুরিকাঘাত করার অভিযোগও করেছেন এবং বলেছেন যে, যদিও তিনি যুদ্ধ চান না,তবে উগান্ডার সাথে সামরিক সংঘাতে তুরস্কের টিকে থাকার কোনো সম্ভাবনা নেই। কাইনেরুগাবা আরও দাবি করেছেন যে উগান্ডার সেনাবাহিনী যিশু খ্রিস্ট এবং মুহাম্মদ আলীর দ্বারা অনুপ্রাণিত। কাইনেরুগাবা ইসরায়েলকে সামরিক সহায়তার প্রস্তাবও দিয়েছেন।
সোমালিয়ায় উগান্ডার বছরের পর বছর ধরে সামরিক মোতায়েনের মূল্য হিসেবে তিনি এই অর্থ দাবি করছেন, যার ফলে সেখানে তুরস্কের অর্থনৈতিক লাভ এবং অবকাঠামো প্রকল্পগুলো নির্মান সম্ভব হয়েছে বলে তিনি দাবি করেন। তবে তিনি কেন তাদের সবচেয়ে সুন্দরী নারীকে চাইছেন তা যে কেউই অনুমান করতে পারছেন না ।
উল্লেখ্য, কানেরুগাবা এই ধরনের বিতর্কিত মন্তব্য এই প্রথম করেননি। এর আগে তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ১০০টি গরুর বিনিময়ে ‘কনে মূল্য’ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি রাজি না হলে রোম আক্রমণের হুমকিও দিয়েছিলেন।।
