এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর,১২ এপ্রিল : মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন রাজ্যের বিদায়ী তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে “তোষামোদি রাজনীতি” অভিযোগ তুলে তুলোধুনো করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । তিনি বলেন,’বাংলার আধ্যাত্মিক-সাংস্কৃতিক ভূমিকে তোষামোদের ভুমি বানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস৷’
আজ রবিবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নন্দকুমারে দলীয় প্রার্থীদের সমর্থনে ‘বিজয় সংকল্প সভা’য় যোগ দেন যোগী আদিত্যনাথ । তিনি বলেন, ‘বাংলা প্রেরণার ভূমি । ভারতের দিশা ঠিক করে দেওয়ার ভূমি৷ এই সেই পবিত্র ভূমি যেখানে এক সন্ন্যাসী জন্ম নিয়ে গোটা বিশ্বে সনাতনের ধ্বজ উড়িয়ে ছিলেন এবং বলেছিলেন ‘গর্ব করে বল আমি হিন্দু’ । আর হিন্দুত্বের অনুভূতি যদি কেউ জাগিয়ে তুলেছিলেন, তিনি হলেন স্বামী বিবেকানন্দ৷ এই সেই ভূমি যেখানে ক্ষুদিরাম বসু দেশের স্বাধীনতার জন্য হাসতে হাসতে হাসির মঞ্চে চড়েছিলেন । এই সেই পবিত্র ভূমি যেখান থেকে আওয়াজ উঠেছিল ‘তুমি আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো’ । সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর সামনে সম্মান এবং গৌরবের সাথে মাথা নত করবেনা এমন কোন ভারতীয় আছে?’
তিনি বলেন,’শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব হোন, স্বামী প্রণবানন্দজি হোন ,লাহিড়ী মহাশয় হোন, একটা বিশাল আধ্যাত্মিক পরম্পরা ভারতকে দিয়েছে এই বাংলা । আর এই ভূমি থেকেই জন্ম নিয়েছেন জনসংঘের প্রতিষ্ঠাতা ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী । যিনি বলেছিলেন ‘এক দেশে দুই প্রধান দুই বিধান দুই নিশান চলবে না’ । আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই স্বপ্নকে সফল করেছেন নরেন্দ্র মোদি জি । এই সেই ভূমি যেখান থেকে ভারতকে একের পর এক বিজ্ঞানী দিয়েছে । এই সেই ভূমি যা দেশের শিক্ষার প্রেরণা ছিল । এই ভূমি থেকেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভারতকে রাষ্ট্র গান ‘জনগণমন’ দিয়েছেন। এই ভূমি ‘বন্দে মাতরম’ গান দিয়েছিল,যে গান পরে ভারতের স্বাধীনতা সংগ্রামের অমর মন্ত্র হয়ে যায় । এই বাংলা হল প্রেরণার ভূমি, সংস্কৃতির ভূমি, আধ্যাত্মবাদের ভূমি । আর আজ সেই ভূমিকে তৃণমূল কংগ্রেস তোষামোদের ভূমি করে দিয়েছে । লুটপাটের ভূমি করে দিয়েছে। অরাজকতা এবং গুন্ডামির ভূমি করে দিয়েছে ।’
পাশাপাশি কৃষকদের ন্যায্য মূল্যে শষ্যের দাম না পাওয়া, অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে জনবিন্যাসের পরিবর্তন ঘটানো এবং পশ্চিমবঙ্গের অর্থ ব্যবস্থার বেহাল অবস্থা সমালোচনা করেন যোগী আদিত্যনাথ । সেই সাথে একের পর এক কলকারখানা বন্ধ হয়ে যাওয়া নিয়েও তিনি মমতা ব্যানার্জিকে খোঁচা দেন । তিনি বলেন,’এখানকার কলা, এখানকার শিক্ষাকে গিলে খেয়েছে এখানকার রাজনীতি ।’ তিনি উত্তর প্রদেশের উদাহরণ দিয়ে উপস্থিত জনতার কাছে আহ্বান জানান যে বাংলার হৃত গৌরব ফিরিয়ে আনতে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ডবল ইঞ্জিন সরকার আনুন ।।
