এইদিন ওয়েবডেস্ক,পুরুলিয়া,১২ এপ্রিল : বিয়ে দেওয়ার দাবি জলের ট্যাঙ্কের উপর চড়ে বসল এক যুবক । ঘটনাটি ঘটেছে আজ রবিবার পুরুলিয়ার মফস্বল থানা এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পরিবারের লোকজন, বিশাল পুলিশবাহিনী ও দমকলের কর্মীরা । এই অদ্ভুত ঘটনার খবর কানাকানি হতে প্রচুর লোকজন জড়ো হয়ে যায় । শেষ খবর যে বহু পরিবার ও পুলিশের বহু কাকুতিমিনতির পরেও যুবককে নামানো সম্ভব হয়নি৷
জানা গেছে,ওই যুবকের নাম আব্বাস আনসারি (২২)। তার বাড়ি পুরুলিয়ার মফস্বল থানার রামপুর গ্রামে । আব্বাসের বাবা হাবিব আনসারি বলেন, ‘গতকাল রাতে খাওয়ার সময় ছেলে বলে বিহা দাও । আমি বললাম,ঠিক আছে সকাল হোক বিহা দিব । এরপর রাতে আমরা ঘুমিয়ে পড়ি৷ আজ সকালে যখন একটি কাজে বেরিয়ে গেছি । তারপরে খবর পাই যে আমার ছেলে জলের ট্যাংকের উপর বসে আছে । আমরা এসে দেখি ট্যাংকের উপর বসে আসে আমরা তাকে নেমে আসার জন্য অনুরোধ করি । কিন্তু ছেলের সেই এক বক্তব্য “বিহা দাও” । আরে বাবা বিহা তো দেবো, তুই আগে নিচে তো নাম ।’
তিনি আরও বলেন,’এখন এই বিহা বিহা করতে করতে ছেলের মাথায় কোন সমস্যা হয়েছে নাকি সেটা আমরা কি করে জানব ?’
জানা গেছে,আজ সাত সকালেই পুরুলিয়া শহরের দোলমি এলাকায় চলে আসে । তারপর সে সটান পুর্ত দপ্তরের গ্রামে জল সরবরাহের জলের ট্যাঙ্কের উপর চড়ে বসে । বিষয়টি নজরে পড়লে স্থানীয়রা যুবকের পরিবারের লোকজনকে খবর দেয় । খবর পেয়ে যুবকের বাবা-মাসহ পরিবার পরিজন ছুটে আসে৷ আসে পুলিশবাহিনী । পরে পুলিশের কাছে খবর পেয়ে আসে দমকলবাহিনীও । সকলে মিলে যুবককে নিচে নেমে আসার জন্য বহু কাকুতিমিনতি করে৷ কিন্তু যুবকের একটাই কথা,”আমার বিহা না দিলে আমি নিচে নামবো না” । এদিকে এই অদ্ভুত ঘটনায় কিংকর্তব্যবিমূঢ় পুলিশ৷ পুলিশ ও দমকলবাহিনীকে ওই জলের ট্যাঙ্কের নিচে ঠায় বসে থাকতে দেখা গেছে।।
