এইদিন ওয়েবডেস্ক,মালদা,১১ এপ্রিল : শুক্রবার মনিপুরে ডিউটি করার সময় সন্ত্রাসীদের গুলিতে শহীদ হলেন মালদা জেলার মোথাবাড়ির বাসিন্দা বিএসএফ-এর এক জওয়ান। সোশ্যাল মিডিয়ার বিএসএফ-এর অফিসিয়াল অ্যাকাউন্টে জানানো হয়েছে,”ডিজি বিএসএফ এবং সকল পদমর্যাদার সেনাসদস্য কর্তব্যরত অবস্থায় কনস্টেবল মিঠুন মণ্ডলের সর্বোচ্চ আত্মত্যাগকে স্যালুট জানান। ১০/০৪/২৬ তারিখে মণিপুরের উখরুলের মংকোট চেপু গ্রামে অভিযানকালীন দায়িত্ব পালনকালে তিনি গুলিবিদ্ধ হন। তাঁকে ইম্ফলের আরআইএমএস-এ নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি আঘাতের কারণে মৃত্যুবরণ করেন। এই কঠিন সময়ে প্রহরী পরিবার শোকসন্তপ্ত পরিবারের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে। ভারত কে বীর, জয়হিন্দ, নমন, অমরপ্রহরী ।”
জানা গেছে,মোথাবাড়ি থানার উত্তর লক্ষ্মীপুর পঞ্চায়েতের ভাগজান টোলা এলাকায় বাড়ি মিঠুন মণ্ডলের (৩৪) । বাবা মন্টু মন্ডল পেশায় কৃষক । বাড়িতে রয়েছেন ভাই তুফান মন্ডল,স্ত্রী ও দুই নাবালক ছেলেমেয়ে । গত ৯ বছর ধরে বিএসএফকে কর্মরত ছিলেন তিনি৷ মূলত তার উপার্জনেই সংসার চলত ।
ভাই তুফান মন্ডল জানান,শুক্রবার সন্ধ্যা সাতটায় বিএসএফের সদর দপ্তর থেকে ফোন করে তার দাদার শহীদ হওয়ার কথা জানানো হয় । বলা হয় যে মণিপুরের উখরুলের মংকোট চেপু গ্রামে যখন তল্লাশি অভিযান চলছিল, তখন ঝোপঝাড়ের আড়ালের সুযোগ নিয়ে সন্ত্রাসীরা মিঠুন মণ্ডল (৩৪)কে লক্ষ্য করে গুলি চালায় । গুলিবিদ্ধ হয়ে তিনি শহীদ হয়েছেন ।
জানা গেছে, আজ বিকাল চারটায় ফ্লাইটে মণিপুর থেকে প্রথমে গুয়াহাটি আনা হবে শহীদ জওয়ানের দেহ । রাত্রি আটটা নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছাবে । তারপর কলকাতা থেকে দেহ আনা হবে বাড়িতে । এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যের মৃত্যুতে পরিবারটি কার্যত অথৈ জলে পড়ে গেছে । শোকে আকুল পরিবারটিকে এখন দুই শিশুসহ এতগুলো সদস্যের অন্ন সংস্থানের চিন্তা তাড়া করে বেড়াচ্ছে ।।
