এইদিন ওয়েবডেস্ক,মালদা,১০ এপ্রিল : এবারের ভোটে গাজোল বিধানসভা আসনে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছিলেন প্রফুল্ল চন্দ্র সরকার ৷ কিন্তু ভোট ভাগাভাগি আটকাতে তিনি নিজের মনোনয়ন প্রত্যাহার করে বিজেপিকেই সমর্থনের ঘোষণা করলেন ৷ আজ শুক্রবার উত্তর মালদা বিজেপি কার্যালয়ে স্থানীয় সাংসদ খগেন মুর্মু ও জেলা সভাপতি প্রতাপ সিং-এর উপস্থিতিতে প্রফুল্লবাবু বলেন,’আমি নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম৷ কিন্তু পরে বুঝতে পারি যে রাজ্যে পরিবর্তনের খুব দরকার। আর এই পরিবর্তন আনা একমাত্র বিজেপির পক্ষেই সম্ভব৷ তাই ভোট ভাগাভাগি যাতে না হয় সেই কারনে আমি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলাম । বিজেপিই পারে পশ্চিমবঙ্গে পরিবর্তন ও সুশাসন আনতে ।’
প্রসঙ্গত,বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার একটাই কথা বলেন যে এবারের বিধানসভার ভোটে আরও ৫ থেকে ৭ শতাংশ হিন্দু ভোট একত্রিত করতে পারলেই তৃণমূলের পতন নিশ্চিত । সেই লক্ষ্যে হিন্দুত্ববাদ, অনুপ্রবেশ,জনবিন্যাসের পরিবর্তন ও শাসকদলেতর হিন্দু বিরোধী মানসিকতার অভিযোগ তুলে প্রচার চালিয়ে যাচ্ছে গেরুয়া শিবির । কিন্তু বিদায়ী বিধায়ক চিন্ময় দেব বর্মনকে ফের টিকিট দেওয়ায় ক্ষিপ্ত প্রফুল্ল চন্দ্র সরকার নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করেন । ফলে হিন্দু ভোট ভাগ হওয়ার আশঙ্কার সৃষ্টি হয়েছিল । অবশেষে তিনি মনোনয়ন প্রত্যাহার করায় স্বস্তিতে বিজেপি ।
খগেন মুর্মু বলেন,’পশ্চিমবঙ্গে সুশাসন,উন্নয়ন, কর্মসংস্থান ও নারীদের সুরক্ষা দিতে পারে একমাত্র বিজেপি। সেক্ষেত্রে মানুষ এখন বুঝতে পেরেছে সেজন্যই আজকে অনেকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিজেপিকে এসে যোগদান করছে । প্রফুল্ল চন্দ্র সরকার তিনি নির্দল প্রার্থী হিসেবে গাজোল থেকে দাঁড়িয়েছিলেন । কিন্তু সেখানে তিনি আজকে মনোনয়নপত্র প্রত্যাহার করে বিজেপির হাতকে শক্ত করলেন ।’ গাজোল বিধানসভাতে এবারও পদ্মফুল ফুটবে বলে আশাবাদী তিনি ।
গাজোলে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বিজেপি সভাপতি প্রতাপ সিংও । তিনি জানান যতদিন যাবে গাজলের সমস্ত রাজনৈতিক সচেতন মানুষ এবারের ভোটে সালে তৃণমূলকে ছুঁড়ে ফেলবে৷ তবে প্রফুল্ল চন্দ্র সরকার মনোনয়ন প্রত্যাহার করে বিজেপিকে সমর্থন করায় বেজায় চটেছে তৃণমূল । মালদা জেলার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শুভময় বসু বলেন,’বিদায়ী বিধায়ককে নিয়ে গাজোলজুড়ে অসন্তোষ রয়েছে । তাকে বিজেপি কর্মীরা মেনে নিতে পারছে না । প্রফুল্ল বাবুর যদি ডিএনএ টেস্ট করা যায় তাহলে দেখা যাবে তিনি বিজেপিরই একজন সমর্থক ছিলেন । তাকে বিজেপি ম্যানেজ করলেও গাজলের মানুষ আর ম্যানেজ হবে না৷ গাজলের মানুষ এবার তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাসকে প্রচুর ভোটে জেতাবে ।’।
Prafulla Sarkar of Maldar Gajol withdraws nomination of independent candidate and announces support for BJP; Swasti is in saffron camp.
