এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৪ এপ্রিল : মালদার সামসীতে নির্বাচনী জনসভার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন হেলিকপ্টারে উঠতে যাচ্ছিলেন তখন আকাশে একটি রহস্যময় ড্রোন ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । যদিও মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ ৩ জনকে আটক করে ফেলে৷ তাদের কাছ থেকে একটি স্মার্টফোন সহ বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করে পুলিশ৷ তবে ধৃতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি । কি উদ্দেশ্যে তারা মুখ্যমন্ত্রীর সভায় ড্রোন ওড়াচ্ছিল তা এখনো স্পষ্ট নয় ।
আজ শনিবার মালদা জেলার একাধিক দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করেন মমতা । প্রথমে মানিকচক বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কবিতা মন্ডলের সমর্থনে এনায়েতপুর ময়দানে জনসভা করেন তিনি । সেখান থেকে মালতিপুরের প্রার্থী আব্দুল রহিম বক্সি ও রতুয়ার প্রার্থী সমর মুখার্জির সমর্থনে সামসি কলেজ ময়দানে সভা করেন । পরে গাজোল বিধানসভার প্রার্থী প্রসেনজিৎ দাসের সমর্থনে গাজোল কলেজ সংলগ্ন মাঠে সভা করেন মমতা ।
জানা গেছে,সামসি কলেজ ময়দানে সভা শেষে মমতা যখন হেলিকপ্টারে উঠতে যাবেন,ঠিক তখনই একটি ড্রোনকে আকাশে চক্কড় কাটতে দেখা যায় । ড্রোন নামানোর জন্য মাইকে বারবার ঘোষণা করা হলেও তা অমান্য করা হয় । এরপর খোদ মমতা মাইক্রোফোন হাতে নিয়ে হেলিকপ্টার দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করে পুলিশকে পদক্ষেপ নিতে নির্দেশ দেন । শেষ পর্যন্ত তিন যুবককে ধরে ফেলে পুলিশ ।।
