এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,০৪ এপ্রিল : দিন কয়েক আগে একটি ভাইরাল ভিডিওতে মুর্শিদাবাদ জেলার বহরমপুর পুরসসভার আট নম্বর ওয়ার্ডের তৃণমূলের সভাপতি রাজু মন্ডলকে স্থানীয় একটি বাড়ির সামনে দাঁড়িয়ে পরিবারের সদস্যদের হুমকি দিতে দেখা গিয়েছিল । অবশেষে নির্বাচন কমিশনের কড়া নির্দেশ মেনে পশ্চিমবঙ্গ পুলিশ তাকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে৷ তার বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানো ও হুমকি দেওয়ার মত গুরুতর ধারায় মামলা রজু করা হয়েছে বলে জানা গেছে ।
জানা গেছে,ঘটনার দিন,পয়লা এপ্রিল রাজু মণ্ডল তাঁর দলের প্রার্থীর পক্ষে পাড়ায় ঘুরে ঘুরে প্রচার চালাচ্ছিলেন । তখন একটি বাড়ির সামনে এসে সে আঙুল উঁচিয়ে রীতিমতো হুমকির সুরে বলেন, ‘পদ্মফুলে ভোট দেওয়া যাবে না । যদি ভোট দেওয়ায় গন্ডগোল হয়েছে…ভোট দিতে যাওয়ার দরকার নেই…বাড়িতে রসগোল্লা ছানাবড়া পাঠিয়ে দেব । আর আমাদেরকে জিতিয়ে যদি কাজ করাতে হয়, প্রত্যেকটা বিষয়ে, পাড়ার ছেলে পাড়ার লোক যারা তৃণমূল করে সর্বদা মানুষের প ২৪ ঘন্টা… তাদেরকে ভোট দিতে হবে । এ বছর যেন ভোট নষ্ট না হয়। পরিষ্কার বলে দিচ্ছি, খাতায় এন্ট্রি করা থাকবে । কারা কাকে ভোট দিচ্ছে সব আমাদের নজরে থাকবে । কারণ এবারে লাইভ হবে ।’
তারপর থেকে তৃণমূল নেতা রাজু মণ্ডলকে গ্রেপ্তারের দাবি তুলছিল বিজেপি । অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে । বিশেষজ্ঞরা মনে করেন, ভোটারদের আস্থা ফিরে পেতে এই ধরনের আরও নেতাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তৃণমূল কংগ্রেসের আরও বেশ কয়েকজন নেতার বিরুদ্ধেও ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে। রাজ্যে শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে ভবিষ্যতে এই ধরনের আরও গ্রেপ্তারের জন্য পুলিশের ওপর কমিশনের চাপ সৃষ্টি হতে পারে।।
