পারমিতা দত্ত,কালনা(পূর্ব বর্ধমান),০২ এপ্রিল : পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীতে এলাকার বাসিন্দা একজন হকারের হৃদরোগে মৃত্যুর ঘটনা ঘটেছে । মৃতের নাম অরুণ রক্ষিত(৫৫) । তার বাড়ি পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের পাটুলি এলাকায় । বুধবার রাতে বাড়িতে তিনি হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল । কিন্তু রাস্তাতেই মৃত্যু হয় তার। এদিকে মৃতের পরিবার ও শাসকদল তৃণমূল কংগ্রেস দাবি করেছে যে ভোটার তালিকায় নাম “ডিলিটেড” হয়ে যাওয়ার আতঙ্কেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির ।
পরিবার সূত্রে খবর,২০০২ সালের ভোটার তালিকাতে নাম ছিল না অরুণ রক্ষিতের । এবারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন(এস আই আর) প্রক্রিয়ার চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হলে দেখা যায় মৃতের বৃদ্ধা বিধবা মা,স্ত্রী জ্যোৎস্নাদেবী, ছেলে অনুরাগ ও মেয়ে সবিতার নাম থাকলেও অরুণবাবুর নামের উপর “ডিলিটেড” চিহ্নিত করে দেওয়া হয়েছে ।
মৃতের ভাই ভোলানাথ রক্ষিতের কথায়,’নাম ডিলিট হয়ে যাওয়ার পর থেকে দাদা হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন । নাম তোলার জন্য মেয়েকে নিয়ে খুব ছোটাছুটি করছিলেন । বুধবার দিনভর মেয়েকে নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে গিয়েছিলেন৷ তিনি বাড়ি ফিরে আসার পর খুব মন্তমরা হয়ে যান ।’
পরিবার সূত্রে জানা গেছে,বুধবার দুপুরে অবসন্ন অবস্থায় বাড়ি ফেরেন অরুণ রক্ষিত৷ যদিও স্বাভাবিক ভাবেই দুপুরের খাবার খান৷ এরপর রাত্রি ৮-৯ টা নাগাদ হঠাৎ তার প্রবল ঘাম শুরু হয় । হৃদরোগে আক্রান্ত হয়েছেন বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন । কিন্তু তিনি রাস্তাতেই নেতিয়ে পড়েন । এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷ আজ মৃতদেহ গ্রামের শ্মশানে দাহকার্য করা হয়৷ এদিকে খবর পেয়ে আজ মৃতের বাড়িতে যান পূর্বস্থলী উত্তরের তৃণমূল প্রার্থী বসুন্ধরা গোস্বামী। পরিবারের পাশাপাশি তিনিও দাবি করেন যে ভোটার তালিকায় নাম ডিলিট হয়ে যাওয়ার আতঙ্কেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে ।।
