এইদিন ওয়েবডেস্ক,লখনউ,২৮ মার্চ : উত্তরপ্রদেশের মিরাটে নিরাপত্তা সংস্থাগুলো একটি অবৈধ টেলিকম নেটওয়ার্কের পর্দাফাঁস করেছে, যা সীমান্ত পেরিয়ে পাকিস্তান পর্যন্ত বিস্তৃত ছিল। এসএসপি অবিনাশ পান্ডে শুক্রবার (২৭ মার্চ, ২০২৬) জানান যে, এটিএস ও পুলিশের একটি যৌথ দল ফারদিন, নাজিম, ফাহিম, সুলতান, শাদাব এবং রইসকে গ্রেপ্তার করেছে। এই চক্রটি অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে দেশের নিরাপত্তা ও রাজস্বের ব্যাপক ক্ষতি করছিল। ধৃত অভিযুক্তরা আন্তর্জাতিক কলগুলোকে ভারতীয় ‘স্থানীয় কলে’ রূপান্তর করার জন্য ভিওআইপি (VOIP) প্রযুক্তির অপব্যবহার করছিল।
এর ফলে ফোনকারীর পরিচয় গোপন থাকত, যা নিরাপত্তা সংস্থাগুলোর পক্ষে তাদের শনাক্ত করা অসম্ভব করে তুলেছিল। মিরাটের লিসাদি গেট এলাকায় চালানো অভিযানে বিপুল সংখ্যক সিম কার্ড, জিএসএম গেটওয়ে মেশিন এবং অত্যাধুনিক রাউটার উদ্ধার করেছে পুলিশ ।
জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে যে, এই ব্যক্তিরা নিরীহ মানুষের নামে সিম কার্ড সংগ্রহ করে এই অবৈধ ব্যবসা চালাচ্ছিল। পুলিশ সন্দেহ করছে যে, এই নেটওয়ার্কটি দেশবিরোধী কার্যকলাপের জন্যও ব্যবহার করা হচ্ছিল । বর্তমানে এই চক্রের প্রধান পান্ডা পলাতক এবং তাকে খোঁজার জন্য তল্লাশি অভিযান চলছে।।
