এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৭ মার্চ : মালদা জেলার চাঁচলে রামনবমীর শোভাযাত্রায় জল বিতরণ করে “হিন্দু-মুসলিম ভাই, ভাই, আমাদের মধ্যে কোন বিভেদ নাই” বার্তা দিলেন স্থানীয় কংগ্রেস নেতা আঞ্জারুল হক জনি ৷ সেই সাথে জড়িয়ে ধরলেন শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের । আঞ্জারুল হক জনি হলেন চাঁচল-১ নম্বর ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক ।
আজ শুক্রবার রাম নবমী উপলক্ষে চাঁচলে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়েছিল। শোভাযাত্রায় পা মেলান চাঁচলের বিজেপি প্রার্থী রতন দাস সহ অগণিত রাম ভক্ত। তারা অস্ত্র হাতে নিয়ে, গেরুয়া ধ্বজ উড়িয়ে “জয় শ্রীরাম” ধ্বনি দিয়ে রাজপথ মুখরিত করে তোলেন । তার আগেই চাঁচল-১নম্বর ব্লক কংগ্রেসের তরফে পানীয় জল বিতরণ করা হয় । শোভাযাত্রাটি চাঁচলের তরলতলা মোড়ে আসতেই কংগ্রেস কর্মীরা অংশগ্রহণকারীদের হাতে একটি করে জলের বোতল তুলে দেয় । সেই সময় কংগ্রেস নেতা আঞ্জারুল হক জনিকে এগিয়ে এসে শোভাযাত্রায় অংশগ্রহণকারী নেতৃত্বকে জড়িয়ে ধরতে দেখা যায় ।
আঞ্জারুল হক জনি বলেন,’ভগবান রাম অবতার হয়ে এসেছিলেন । উনি পাতাল পুরীতে চৈত্র মাসের নবমীর দিনে মা দুর্গার একটা পূজা করেছিলেন । সেই দিনটা হিন্দু ধর্মের মানুষ রামনবমী হিসেবে পালন করে । যারা আমরা মুসলিম ধর্মে বিশ্বাসী, বিভিন্ন সময়ে আমাদের নবী সাহেবরা এসেছেন, পীর পয়গম্বররা এসেছেন, যারা সমাজকে দিশা দেখানোর জন্য এসেছিলেন । তেমনি একটা খারাপ সময়ে রাম অবতার হিসাবে এসেছিলেন । সেই কারণে রামকে আমরা অবতার হিসেবে জানি ।’
তিনি আরও বলেন,’আমরা মানুষকে জানাতে চাই যে রাম হলেন একটা অবতার । উনি মানুষের ভালো কাজ করার জন্য এসেছিলেন । এখানে হিন্দু মুসলিম বলে কিছু নাই । যারা ভালো কাজ করবে, যে সমস্ত দেবতা এবং মহাপুরুষরা সমাজের জন্য ভালো কাজ করেছেন, আজকের সমাজ যেমন দু’ভাগে বিভক্ত হয়ে গেছে,একটা ছোট্ট জলের বোতলের মাধ্যমে আমরা কংগ্রেসের তরফে এই বার্তা দিতে চাইলাম যে হিন্দু মুসলিম ভাই ভাই আমাদের মধ্যে কোন বিভেদ নেই ।’।
