পারমিতা দত্ত,কালনা(পূর্ব বর্ধমান),২২ মার্চ : পূর্ব বর্ধমান জেলার কালনার বিজেপি প্রার্থী সিদ্ধার্থ মজুমদারের বিরুদ্ধে বিক্ষোভ কিছুতেই বন্ধ হচ্ছে না৷ বৃহস্পতিবার নাম ঘোষণার পর ওই দিন সন্ধ্যায় সড়কপথে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু হয় । যা আজ অব্দি অব্যাহত আছে । আজ রবিবার বিজেপি প্রার্থী কালনার সুভাষপল্লী এলালার আসাম রোডে পায়ে হেঁটে প্রচারে বের হলে দলীয় কর্মীদের প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে । মহিলা কর্মীদের উপস্থিতি নজরে পড়ে । ওঠে “গো ব্যাক” এবং “বহিরাগত প্রার্থী মানছি না, মানবো না”—শ্লোগান । সিদ্ধার্থ মজুমদারের কার্যত পিছু ধাওয়া করে শ্লোগান দিতে দিতে যেতে দেখা যায় বেশ কিছু মহিলা ও পুরুষ বিজেপি কর্মীদের।
যদিও “বহিরাগত” অভিযোগ উড়িয়ে দিয়েছেন কালনার ঘোষিত বিজেপি প্রার্থী সিদ্ধার্থ মজুমদার । তিনি বলেন,”আমার পিছনে কত লোক আছে দেখলেই বোঝা যাবে আমি বহিরাগত কিনা৷ আমার রেসিসেন্সিয়াল সার্টিফিকেট কালনা । আমার বাড়ি কালনা । আমি বহিরাগত নাকি তৃণমূল, যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের নিয়ে আসছে তারা বহিরাগত ?”
প্রসঙ্গত,২০২৬ বিধানসভা ভোটে প্রার্থী ঘোষণা হতেই ক্ষোভে ফুঁসছে কালনার বিজেপি একটা বড় অংশ । বিশেষ করে বিজেপির কালনার ২,৩ এবং ৫ নম্বর মণ্ডল থেকে প্রবল বিরোধিতার মুখে পড়তে হচ্ছে সিদ্ধার্থ মজুমদারকে৷ বৃহস্পতিবার বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হতেই রাতে সড়কপথে টায়ার জ্বেলে একপ্রস্ত বিক্ষোভ হয় । পরের দিন শুক্রবার কালনার নিভুজি বাজার এলাকায় দলের জেলা কার্যালয়ে তালা ঝুলিয়ে দিল বিজেপির নেতা ও কর্মীরা । আজ শনিবার আন্দোলন আরও হিংসাত্মক হয়ে ওঠে । কালনা ২,৩ এবং ৪ নম্বর মণ্ডল সভাপতিদের নেতৃত্বে বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা জেলা পার্টি অফিসে ব্যাপক ভাঙচুর চালায় । এদিকে দলের অভ্যন্তরে এত বিক্ষোভের মুখে পড়েও বিজেপি প্রার্থী সিদ্ধার্থ মজুমদার একশ শতাংশ আশাবাদী যে এবারে কালনা থেকে তিনিই জিতবেন। তিনি বলেন,”আমার বিরুদ্ধে কোনো মামলা নেই । কোনো দুর্নীতির অভিযোগ নেই । আমার বিরুদ্ধে কোনো নেগেটিভ পয়েন্টই নেই । আমি একশ শতাংশ নিশ্চিত যে আমিই জিতবো ।”
