এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২২ মার্চ : নিজের নির্বাচনী এলাকায় শ্রীরামের প্রতিমা ভাঙচুরের অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । আজ সকালে তিনি মাথা কেটে নিয়ে যাওয়া মূর্তির বাকি অংশের একটি ভিডিও এক্স-এ শেয়ার করেছেন । তিনি অভিযোগ করেছেন, এটা “জিহাদিদের” কাজ । এই ঘটনার জন্য তিনি “মমতার সরকারের তোষণের রাজনীতি এবং মমতা প্রশাসনের নির্লজ্জ নিষ্ক্রিয়তা”কে দায়ি করেছেন ।
শুভেন্দু অধিকারী লিখেছেন,”পশ্চিমবঙ্গে সনাতনীদের দেবদেবীর মূর্তি ও মন্দিরের উপর জেহাদি হামলার ঘটনা নতুন নয়। এই ঘটনা এখন নিত্যনৈমিত্তিক হয়ে পড়েছে। এবারের ঘটনা নন্দীগ্রামে ।” তিনি লিখেছেন,”নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের ভেটুরিয়া ১২২ নম্বর বুথে শ্রীরাম নবমী পুজো উপলক্ষে ভেটুরিয়া বাসস্ট্যান্ডে মর্যাদা পুরুষোত্তম প্রভু শ্রী রামের মূর্তি তৈরির কাজ চলছিল। মূর্তির কাজ প্রায় শেষের মুখে, কিন্তু গতকাল রাতের অন্ধকারে কিছু জেহাদি এসে প্রভু শ্রী রামচন্দ্রের মূর্তির মাথা কেটে নিয়ে চলে যায়।”
বিরোধী দলনেতার অভিযোগ,”সনাতনীদের আস্থা ও বিশ্বাসের উপর এই জেহাদি আক্রমণ রাজ্যে বেড়েই চলেছে শুধুমাত্র মমতার সরকারের তোষণের রাজনীতি এবং মমতা প্রশাসনের নির্লজ্জ নিষ্ক্রিয়তার কারণে। অবিলম্বে এই সরকারকে বিদায় জানানো আবশ্যিক হয়ে পড়েছে, নচেৎ সনাতনীদের জন্য আগামী দিনে এ রাজ্যে আরও খারাপ পরিস্থিতি অপেক্ষা করছে।”
সবশেষে তিনি রাজ্যের ‘সনাতনীদের’ উদ্দেশ্যে আহ্বান জানিয়ে লিখেছেন,”তাই সময় থাকতে এই জেহাদিদের তোষনকারী সরকারকে বিদায় জানাতে সকল সনাতনীরা একত্রিত হন, জোট বাঁধুন।”
সনাতনী মনোরঞ্জন নামে এক ফেসবুক ব্যবহারকারী একই ভিডিও শেয়ার করে জানিয়েছেন,রাম নবমী পুজো উপলক্ষে নন্দীগ্রাম-২ ব্লকের ভেটুরিয়া গ্রামের ঠাকুরচক স্ট্যান্ডে শ্রীরামের মুর্তি তৈরি হচ্ছিল । কিন্তু গতকাল রাতের অন্ধকারে মুর্তির মাথা কেটে নিয়ে যাওয়া হয় । অভিযুক্তদের খোঁজ চলছে বলে জানিয়েছেন তিনি ।।
